ঘূর্ণিঝড় সিত্রাং

আশাশুনিতে প্রবল স্রোতে ১০ ফুটের বাঁধ ভেঙে দেড়–দুই ফুটে দাঁড়িয়েছে

অব্যাহত ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বাঁধ। আজ মঙ্গলবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি কুড়িকাউনিয়া শ্রীপুরে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরার আশাশুনিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বাঁধের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া শ্রীপুর এলাকার বাঁধটি আগে থেকেই ভাঙছিল। সিত্রাংয়ের প্রভাবে কপোতাক্ষ নদের প্রবল স্রোতে ১০ ফুট বাঁধটি ভেঙে এখন মাত্র দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে।

স্থানীয় লোকজন আশঙ্কা করছেন, বাঁধটি ভেঙে গেলে প্রতাপনগর ও পদ্মপুকুর ইউনিয়নের ছয়টি গ্রামের ঘরবাড়ি, ফসলের খেত ও মাছের ঘের প্লাবিত হতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দ্বীপ ইউনিয়ন প্রতাপনগর। ইউনিয়নটির চারপাশে কপোতাক্ষ নদ আর খোলপেটুয়া নদী দিয়ে বেষ্টিত। এ ইউনিয়নের ১৯ গ্রামে প্রায় ৩৭ হাজার মানুষের বসবাস। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া এ ইউনিয়নের মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান ও ২০২১ সালের ২৫ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের পর অনেকে এখনো তাঁদের ভিটায় ফিরতে পারেননি।

১০ ফুট বাঁধটি ভেঙে এখন মাত্র দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে

কুড়িকাউনিয়া গ্রামের শাহবুদ্দিন সরদার বলেন, দীর্ঘদিন ধরে শ্রীপুর এলাকার বাঁধটি ভাঙছে। বাঁধটি ভেঙে গেলে প্রতাপনগর ইউনিয়নের রুইয়েরবিল, দিকলারআইট, শুভদ্রাকাটি, চাকলা ও পদ্মপুকুর ইউনিয়নের গড়কমরপুর ও বন্যতলা গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। ডুবে যাবে আমন ফসলের মাঠ ও মৎস্যঘের। ভেঙে পড়বে কাঁচা ঘরবাড়ি।
একই এলাকার আল আমিন বিশ্বাস বলেন, ১৯ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ মাত্র দুই মাস আগে যেনতেন উপায়ে সংস্কার করা হয়। সিত্রাংয়ের প্রভাবে প্রবল স্রোতে বাঁধটির ভাঙন প্রবল আকার ধারণ করেছে।

বাঁধটি যথাযথভাবে সংস্কার করার জন্য পাউবোকে একাধিকবার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ গাজী। তিনি বলেন, সংস্কার না করায় বাঁধটি ভাঙতে ভাঙতে মাত্র দেড় থেকে দুই ফুট রয়েছে। যেকোনো সময় নদের জোয়ারে বাঁধটি ভেঙে একাধিক গ্রাম তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী আলমগীর কবির বলেন, জিয়াউল ইসলাম নামের একজন ঠিকাদার দুই মাস আগে কাজটি করেছেন। কিন্তু কাজ এখনো পুরোপুরি শেষ করেননি। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা। এর মধ্যে সিত্রাংয়ের প্রভাবে নদের স্রোতে বাঁধটির ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে বাঁধটির অবস্থা নাজুক। ঠিকাদারকে বুধবার শুরু করে দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।