
হঠাৎ অসুস্থ হয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন নওগাঁ–২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক। চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে এনামুল হক কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান।
জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে জানিয়ে এই চিকিৎসক বলেন, সংসদ সদস্য তাঁদের সেবার প্রশংসা করেছেন।
সংসদ সদস্য এনামুল হক বলেন, চাইলে তিনি নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতেন। তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, তিনি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছেন। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব বলে তাঁর বিশ্বাস।
ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। তাসলিমা পারভীন নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, দেশের নামকরা বা বেসরকারি হাসপাতালে না গিয়ে একজন এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং সাধারণ রোগীদের মতো খাবার খেয়েছেন—এটি প্রশংসনীয় উদ্যোগ।
এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন।