বিদেশি জাহাজে ‘দস্যুতার চেষ্টা’, আটক ৭

বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরে অবস্থিত বিদেশি একটি বাণিজ্যিক জাহাজে দস্যুতার চেষ্টার পর সাতজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

কোস্ট গার্ড জানায়, আটক করা ব্যক্তিদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটক দস্যুদের মোংলা থানা–পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের হারুন (৪৫), চিলা ইউনিয়নের কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে একদল দস্যু মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি ব্লু মার্লিনে ঢুকে চুরির চেষ্টা চালায়। এ সময় ঘটনাটি মোংলা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন কোকিলমনি স্টেশন এবং দুবলা আউটপোস্টের দুটি দল বিদেশি জাহাজটির উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছে কোস্ট গার্ড সদস্যরা দস্যুদের ট্রলারটিকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বিদেশি জাহাজটির সিসিটিভি ফুটেজ দেখে কোস্ট গার্ডের তিনটি দল অভিযান চালিয়ে সুন্দরবনের কৈখালী এলাকা থেকে আজ ভোর পৌনে পাঁচটার দিকে ওই ট্রলারটিসহ সাতজনকে আটক করে। আটক ব্যক্তিদের দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। সেখান থেকে তাঁদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।