সীতাকুণ্ডে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যুতে দিশেহারা স্বামী–সন্তান

ল্যাপটপে থাকা ডেঙ্গুতে মারা যাওয়া স্ত্রী অদিতির ছবি দেখান রঞ্জিত কুমার নাথ। চট্টগ্রামের সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকায় তাদের বাড়িতে
ছবি: প্রথম আলো

‘কয়েক দিন আগে আমার স্ত্রী বলেছিল, সবাই ফেসবুকে কত সুন্দর ছবি দেয়! তুমি আমাদের একটা ছবিও দিলে না। পরে জোর করে ছবি তুলতে চেয়ে বলল, প্রয়োজনে কম্পিউটারে রেখে দিও, তবুও কয়েকটা ছবি তোলো। সেই ছবিগুলোই শেষ ছবি হয়ে গেল!’ একচালা ঘরের একটি কক্ষের টেবিলে ল্যাপটপে স্ত্রীর পুরোনো ছবি দেখাচ্ছিলেন রঞ্জিত কুমার নাথ। ১৪ জুলাই ভোররাতে ডেঙ্গুতে মারা যান তাঁর স্ত্রী অদিতি রানী নাথ (৩২)। স্ত্রীকে হারিয়ে ছোট্ট দুই শিশুকে নিয়ে দিশাহারা অবস্থা তাঁর।

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় স্বামী ও দুই সন্তান নিয়ে ছিল অদিতির সংসার। স্বামী রঞ্জিত কুমার নাথ একটি জাহাজভাঙা কারখানায় কাজ করেন। ১১ জুলাই তাঁর ডেঙ্গু ধরা পড়ে।

অদিতির চতুর্থ শ্রেণিপড়ুয়া মেয়ে শ্রেয়সী নাথ কিছু দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এখন সে সুস্থ। গতকাল সোমবার সকালে শ্রেয়সীদের বাড়িতে গিয়ে দেখা যায়, শ্রেয়সী ও তার ছোট ভাই গোপাল নাথ (৮) মশারির নিচে বসে আছে। গোপাল নাথেরও চার দিন ধরে জ্বর। দুবার ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছে। তবে তার ডেঙ্গু ধরা পড়েনি।

মায়ের কথা জিজ্ঞাসা করতেই গোপাল চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। পরে সে বলে, ‘মা মারা গেছে। আগে মা খাইয়ে দিত। জ্বর হলে কোলে নিয়ে আদর করত। মাথায় জল ঢালত। এখন আমার খেতে ইচ্ছা করে না।’ শ্রেয়সী নাথ বলে, ‘বুঝতে পারিনি মা আমাদের ছেড়ে চলে যাবে।’

রঞ্জিত কুমার নাথ বলেন, ‘১০ জুলাই আমার স্ত্রী অদিতির জ্বর শুরু হয়। ১১ জুলাই ভাটিয়ারির একটি ল্যাবে পরীক্ষার পর তাঁর ডেঙ্গু ধরা পড়ে। প্লাটিলেট ছিল ১ লাখ ১৮ হাজার ইউনিট। দ্রুত তাঁকে বিআইটিআইডি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক বলেন, হাসপাতালে ভর্তির অবস্থা তৈরি হয়নি। রোগীকে বাড়িতে নিয়ে বিশ্রামে রাখতে। ১৩ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তাঁকে ভর্তি করাই। সেখানে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) তাঁর মৃত্যু হয়।’