কোটা সংস্কার আন্দোলন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, পরে জিরো পয়েন্টে সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কয়েকটি সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন। আজ সোমবার বিকেলে খুলনার জিরো পয়েন্টে
 ছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য এবং দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) খুলনার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়ক অবরোধ শুরু করেন তাঁরা।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এরই মধ্যে কুয়েট ও খুলনার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। এ খবর জানতে পেরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান ফটকের কাছে থাকা ওই শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কয়েকটি সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে। আজ সোমবার বিকেলে খুলনার জিরো পয়েন্টে

পরে সব শিক্ষার্থী একসঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে জিরো পয়েন্ট এলাকায় যান। সেখানে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

সাতক্ষীরা, যশোর, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে চারটি সড়ক এসে মিলেছে জিরো পয়েন্ট এলাকায়। শিক্ষার্থীদের অবরোধের ফলে সেখান দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চারপাশের সড়কেই শত শত যানবাহন আটকে পড়ে। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গতকাল রোববার গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, গতকাল কোটা প্রথা বাতিলের জন্য ঢাকায় রাষ্ট্রপতি বরাবর ও বিভিন্ন জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তাঁদের মূল দাবি ছিল, জরুরি ভিত্তিতে জাতীয় সংসদে অধিবেশন ডেকে যেন কোটা প্রথা বাতিল করে আইন পাস করা হয়। কিন্তু তারপরও সেটা করা হয়নি।

এ সময় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনারও সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা। ওই হামলা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জিরো পয়েন্ট এলাকাটি পড়েছে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানার মধ্যে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছে। চারপাশের সড়কেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন।