মুন্সিগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় চাচাতো ভাইকে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই চাচাতো ভাইয়ের নাম নিহাদ ঢালী (১৮)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকার দ্বীন ইসলামের ছেলে। অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোর। সম্পর্কে সে নিহত তরুণের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে আনন্দপুর এলাকার একটি জমিতে নিহাদ ঢালী তাঁর চাচাতো ভাইসহ এলাকার কিশোর-তরুণেরা ক্রিকেট খেলছিল। খেলার সময় নিহাদের সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত কিশোর নিহাদকে কিলঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিক চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে যাঁরা ওই তরুণকে হাসপাতালে এনেছিলেন তাঁরা জানিয়েছেন, ক্রিকেট খেলার সময় অন্য আরেকজন ওই তরুণের কপাল বরাবর ঘুষি মেরেছিল। ঘুষির পর তিনি জ্ঞান হারান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান রাতে প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর তাঁরা হাসপাতালে আসেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ছাড়াও অন্য তরুণেরা জড়িত থাকতে পারেন। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।