টেকনাফে দুজনকে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা

অপহরণ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করার সময় দুজন কৃষককে কুপিয়ে জখম ও অন্য দুজনকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণের শিকার মো. রিদুয়ানের বাবা মো. সরোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করে। তখন মুক্তিপণ হিসেবে ওই টাকা দাবি করে। দাবি করা টাকা না দিলে দুজনের লাশ নিতে প্রস্তুত থাকার কথা বলেছে। অন্যদিকে, জখম হওয়ার পর পালিয়ে আসা দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের পাদদেশে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার দুজন হলেন ওই ওয়ার্ডের জাহাজপুরার বাসিন্দা বাছা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৬)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। রিদুয়ান জাহাজপুরা মডেল একাডেমির দশম শ্রেণির ছাত্র। সন্ত্রাসীদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা হলেন একই এলাকার বাসিন্দা দুই সহোদর আবদুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৭)। ধারালো অস্ত্রের কোপে আবদুল আমিন মাথায় ও আবদুল্লাহ হাতে আঘাত পেয়েছেন।

গত ৬ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৬২ জন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা, বাকি ২৮ জন রোহিঙ্গা।

ভুক্তভোগী পরিবার ও আহত ব্যক্তিদের বরাত দিয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে যান ওই চারজন। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁদের ঘিরে ধরে অপহরণের চেষ্টা করলে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা দুজনকে কুপিয়ে জখম করে এবং অপর দুজনকে অস্ত্রের মুখে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

আহত ব্যক্তিরা বলেন, সন্ত্রাসীরা সবাই মুখোশ পরা অবস্থায় ছিল। তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। কোনোরকমে তাঁরা দুজনে পালিয়ে আসতে পারলেও রহিম উদ্দিন ও রিদুয়ানকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে।

রিদুয়ানের বাবা সরওয়ার বলেন, ‘আমরা খুবই নিতান্ত অসহায় ও গরিব। নিজস্ব কোনো জমি না থাকায় জীবিকার তাগিদে পাহাড়ে পানের বরজ করে কোনোরকমে সংসার চালাই। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করছে, কিন্তু ঘরে তো ৫ হাজার টাকাও নেই। আমার স্কুলপড়ুয়া ছেলেকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। এরপরও পুলিশ কিন্তু বসে নেই। খবর পাওয়ার পর পর পুলিশের বিশেষ একটি দল অপহৃতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে আশপাশে ও সন্দেহভাজন এলাকায় অভিযান চালাচ্ছে।’

গত ৬ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৬২ জন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪ জন স্থানীয় বাসিন্দা, বাকি ২৮ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবারগুলো সূত্রে জানা গেছে।