সুবর্ণা আক্তার ও মার্জিয়া আক্তার
সুবর্ণা আক্তার ও মার্জিয়া আক্তার

শ্রীপুরে নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার খোঁজেখানি গ্রামের বানার নদে গোসল করতে নেমে দুজন তলিয়ে যায়। দুপুরে পরিবারের সদস্যরা একজনের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

মারা যাওয়া সুবর্ণা আক্তার (১৬) খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে ও মার্জিয়া আক্তার (১৬) একই গ্রামের মিলন মোড়লের মেয়ে। তারা পাশের গোসিংগা গ্রামের গোসিংগা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন জানান, দুপুরে কয়েকজন বাড়ির পাশে বানার নদে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সাঁতার কাটতে গিয়ে সুর্বণা ও মার্জিয়া তলিয়ে যায়। এ সময় সুবর্ণার ছোট বোন বিষয়টি দেখে বাড়িতে খবর দেয়। পরে স্বজনেরা সুবর্ণাকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে মার্জিয়া নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মার্জিয়ার লাশ ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করেন ডুবুরিদলের সদস্যরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল করিম বলেন, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছে।