
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গতকাল শনিবার রাতে জগন্নাথপুর থানায় মামলা করেছেন। আজ রোববার আদালতে শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
মামলায় উপজেলার মীরপুর ইউনিয়নের জয়নুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ, এলাকাবাসী ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি ও মামার বাড়ি উপজেলার একই গ্রামের পাশাপাশি এলাকায়। গত বুধবার সকালে মায়ের কথায় সে মামার বাড়ি থেকে শুঁটকি আনতে যায়। বাড়ি ফেরার পথে জয়নুল নামের ওই ব্যক্তি তাকে তুলে নিয়ে এলাকার একটি পুকুরপাড়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। বাড়ি যাওয়ার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে তার মাকে বিষয়টি জানায়।
পরে শিশুটিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান। খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর নির্যাতনের শিকার ছাত্রীর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নেন। পরে গতকাল রাতে মামলা হয়।
সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।