
পাঁচ বছরের কর্মজীবনে পাওয়া ১০টি ঈদের মধ্যে মাত্র তিনটি ঈদ পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে পেরেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতিকুল ইসলাম। স্ত্রীসহ তাঁর পরিবারের সদস্যরা থাকেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আজ বৃহস্পতিবার ঈদের দিন বেলা আড়াইটার দিকে স্টেশনে গিয়ে দেখা গেল, আতিকুল সেখানে কাজ করছেন।
আতিকুল বলেন, ‘আজ ঈদের দিনে মাধবদী ও হাজীপুরের দুই জায়গায় আগুন লেগেছে। আমরা গিয়ে এসব আগুন নিভিয়েছি। আমরা দায়িত্ব ঠিকঠাক পালন করি বলেই দুর্যোগের সময় মানুষ ভরসা পায়। এর জন্যই সব সময় ছুটি পাওয়া আমাদের ভাগ্যে নেই। নামাজটা পর্যন্ত পড়েছি স্টেশনের ভেতরের মসজিদে। তবে আমাদের কয়েকজন এখন ছুটি কাটাচ্ছেন, তাঁদের ছুটি শেষ হলে আমরাও কয়েক পালায় ভাগ হয়ে ছুটি কাটাব।’
আজ নরসিংদী শহর ঘুরে কর্মস্থলে ব্যস্ত সময় কাটানো কিছু পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁরা বলেন, নানা ব্যস্ততার মধ্যেই সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে সব সময়ই রোগীর ভিড় লেগেই থাকে। ১০০ শয্যার এই হাসপাতাল জেলার মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। তিনটি পালায় সহকারীদের নিয়ে প্রতি বেলায় একজন চিকিৎসক সেখানে দায়িত্ব পালন করেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গেলে দেখা যায়, জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন পলি সাহা। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি বলেন, ‘আমি সানন্দেই এখানে সেবা দিচ্ছি। আমি এখানে দায়িত্ব পালন করায় আমার সহকর্মী অন্য চিকিৎসকেরা ছুটি কাটাতে পারছেন, এটিও ভালো লাগার আরেকটি কারণ।’ কী ধরনের রোগী আসছে?—এর জবাবে তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে কেটে যাওয়া ও ব্যথা পাওয়া রোগীরা বেশি আসছেন।
আট বছর ধরে এটিএম বুথে নিরাপত্তার (সিকিউরিটি) দায়িত্ব পালন করেন মো. আমির হোসেন (৪৫)। তাঁর বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে থাকলেও তাঁদের সঙ্গে ঈদ করা হচ্ছে না। অথচ কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকায় তাঁর বাড়ি।
আমির হোসেন বলেন, পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ঈদের দিন সকাল ৮টা থেকে দায়িত্ব পালন করছেন, শেষ হয় রাত ৮টায়। মেয়েরা কয়েকবার ফোন দিয়ে কথা বলেছে। তাদের আবদার ছিল, ঘুরতে নিয়ে যেতে হবে। বাড়ি এত কাছে, তবু ছেলেমেয়েদের সঙ্গে ঈদ করতে পারছেন না। মনটা পড়ে আছে বাড়িতে। সব হোটেলও বন্ধ, দুপুরটা চিড়া-মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন। কাজ না করলে সংসার চলবে না, এই চিন্তায় সব আনন্দ মাটি হয়ে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কে কথা হয় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চালক ফারুক হোসেনের (৪২) সঙ্গে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায়। ঈদের দিন সকালে নামাজ আদায় করেই বাস নিয়ে বের হয়েছেন তিনি। তিনি বলেন, ঈদের দিনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই বাস নিয়ে সড়কে নেমেছেন।
ভেলানগর থেকে ফেরার পথে দেখা মেলে ব্যাটারিচালিত রিকশাচালক আবু তালেবের সঙ্গে। তাঁর বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। আবু তালেব বলেন, ‘বড় ভাই মারা গেছেন, ছোট ভাইটা কয়েক দিন আগে কাজে ঢুকেছে। বড় ভাইয়ের স্ত্রী-সন্তান ও নিজের স্ত্রী-সন্তানসহ মোট ১১ জনের দায়িত্ব আমার কাঁধে। বাড়িতে শুধু বসতভিটাটুকু আছে। তাই এই শহরে এসে অন্যের রিকশা ভাড়ায় চালাই। প্রায় এক হাজার টাকা আয় হয় প্রতিদিন। রিকশাভাড়া ও থাকা-খাওয়ার খরচ মিটিয়ে ৫০০ টাকা করে জমিয়ে রাখি পরিবারের জন্য। গত দেড় বছরে একবারই বাড়ি গিয়েছিলাম।’