ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণসামগ্রী পরিবহনের জন্য অনুমতি ছাড়া বাঁধ দিয়ে ভরাটের মাধ্যমে খালের শ্রেণি পরিবর্তন করায় মেসার্স মোস্তফা কামাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকাভেটর দিয়ে খাল থেকে মাটি অপসারণের নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ১০টায় শহরের নয়নপুর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও ছয়বাড়িয়া মৌজা থেকে সরকারি খাসজায়গার একটি খাল শুরু হয়ে তিতাস নদীর সংযুক্ত কুরুলিয়া খালে গিয়ে মিশেছে। স্থানীয়ভাবে এটি নয়নপুর খাল নামে পরিচিত। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড নয়নপুর এলাকার কাজী জহুরা কাশেম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকের রাস্তার পাশের জায়গায় খালের অংশ বালু ফেলে ভরাট করে রাস্তা তৈরি করছিলেন প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামালের স্বত্বাধিকারী মোস্তফা কামাল।
স্থানীয় ব্যক্তিরা জানান, পুনিয়াউট, পৈরতলা, রহিমপুর ও নয়নপুর এলাকার ফসলি জমির পানি নয়নপুরের এই খাল দিয়ে প্রবাহিত হয়। এসব এলাকায় এক থেকে দেড় হাজার একর ফসলি জমির রয়েছে। ফসলি জমির পানিনিষ্কাশনের একমাত্র পথ এই খাল। এ ছাড়া বর্ষার মৌসুমে এই খাল দিয়েই ফসলি জমির পানি নেমে তিতাস নদীর সঙ্গে সংযুক্ত কুরুলিয়া খালে গিয়ে মিলিত হয়। খালটি ভরাট হয়ে গেলে নয়নপুরসহ কয়েকটি গ্রাম জলাবদ্ধতাসহ আবাদি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ঠিকাদার মোস্তফা কামাল প্রভাবশালী হওয়ায় নয়নপুর ও রহিমপুরের মানুষ কথা বলতে ভয় পান। নয়নপুর পুনিয়াউট, পৈরতলা ও রহিমপুরে বোরো ধানের স্কিম রয়েছে। এই খাল দিয়েই পানি কুরুলিয়াতে গিয়ে মিশে। ৩২ চাকার লরি দিয়ে মালামাল নিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান খাল ভরাট করছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার নয়নপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল নেওয়ার জন্য মাটি ফেলে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। স্থানীয় মাধ্যমে বেশি জানতে পারে সদর উপজেলা প্রশাসন। সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নির্দেশে শুক্রবার সকাল ১০টায় নয়নপুর এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
গত বৃহস্পতিবার বিকেলে মেসার্স মোস্তফা কামালের মালিক ঠিকাদার মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, বড় লরি যাওয়ার কোনো রাস্তা সেখানে নেই। তাই মালামাল আনা-নেওয়ার জন্য মাটি ভরাট করা হচ্ছে। কাজ শেষ হলে মাটি সরিয়ে দেবেন বলে জানান তিনি।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, পৌর এলাকার নয়নপুরে অভিযানকালে দেখা যায়, স্থানীয় কিছু ব্যবসায়ী খালের ওপর বাঁধ দিয়ে জলাধারটি ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন করেছেন। এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের তিনজনকে আটক করা হয় এবং বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত আনার জন্য তাঁদের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী তাঁরা এক্সকাভেটর দিয়ে খাল থেকে মাটি অপসারণের কাজ শুরু করেছে। আগামী দুই দিনের মধ্যে মাটি সরিয়ে খালকে আগের অবস্থায় না নেওয়া হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।