
বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে দিনাজপুর রেলস্টেশন চত্বরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে জাগ্রত সমাজকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ কর্মসূচি পালন করছেন। এ সময় সাধারণ মানুষও তাঁদের কর্মসূচিতে অংশ নেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা একই কর্মসূচি পালন করেন। ঢাকার কমলাপুর রেলস্টেশনে শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনকে সর্মথন জানিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
সংস্থাটির সভাপতি আফসানা ইমরোজ বলেন, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনকারী মহিউদ্দিন রনির সঙ্গে তাঁরা একাত্মতা ঘোষণা করে দিনাজপুরেও অবস্থান কর্মসূচি পালন করছেন। যত দিন রেলওয়ের ব্যবস্থাপনা ঠিক না হবে, কালোবাজারিদের বিরুদ্ধে স্টেশন চত্বরে এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, জাগ্রত সমাজকল্যাণ সংস্থার সদস্যরা গতকাল থেকে স্টেশনে সকাল-বিকেল অবস্থান করছেন। তাঁরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে ভালো ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার সকালে সব কটি ট্রেনের ২৫ জুলাইয়ের টিকিট দেওয়া হয়েছে। টিকিট পেয়ে যাত্রীরাও খুশি হয়েছেন। দিনাজপুর রেল কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করছে।