পুলিশের ওপর হামলা ও অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদসহ বিএনপির সাত নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।
আটক অপর ব্যক্তিরা হলেন পবা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, যুবদল সদস্য বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, রামরামা গ্রামের মনির মন্ডল ও গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুসহ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্যসচিব ও অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর বিএনপি নগরের ভুবনমোহন পার্কে এ কর্মসূচির আয়োজন করে।
অপর দিকে রাজশাহী জেলা বিএনপির নেতা–কর্মীরা নগরের বাটার মোড়ে পৃথক কর্মসূচি পালন করার জন্য মিছিল নিয়ে সাগরপাড়া থেকে বাটার মোড়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি গণকপাড়ায় এসে বাটার মোড়ের দিকে ঘুরছিল। এ সময় পুলিশ অতর্কিতভাবে মিছিলে অংশগ্রহণকারীদের লাঠিপেটা করে। পরে পুলিশ মিছিলের সামনে থাকা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদসহ মোট সাতজনকে ধরে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় বিএনপির একাধিক নেতা–কর্মী আহত হন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘জনবিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধাদান ও অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে রাস্তা থেকে সাতজনকে আটক করা হয়েছে। এসব অভিযোগে তাদের নামে মামলা প্রক্রিয়াধীন।’