রংপুরে সার্কিট হাউসে আজ বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
রংপুরে সার্কিট হাউসে আজ বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

রংপুরে জি এম কাদের

ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, মানুষের কোনো রকম অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। তবে সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের মানুষকে যেকোনোভাবেই হোক, মুক্ত করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে তাঁকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বর্তমান অবস্থা চলতে থাকলে একটি দলের চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার উপক্রম হবে বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, ‘বর্তমানে বিদেশি প্রেশার কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করছে। এই রকম সুযোগে সবাই যদি মিলেমিশে কিছু করতে পারে, তাহলে দেশের মানুষ উদ্ধার হবে। এই অবস্থা চলতে থাকলে সামনের দিনে দেশের মানুষের হাতে রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল ও তাদের একজন নেতার চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে। যদি এভাবে নির্বাচন হয় এবং বর্তমান সরকারই ক্ষমতায় আসে, তাহলে এটাই বাস্তবায়িত হবে। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় ধরনের একটা পরীক্ষা।’

বর্তমান বাজেট জনমুখী হয়নি দাবি করে জি এম কাদের বলেন, বাজেটের পর সাধারণ মানুষের দুরবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরও বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন গতি, অন্যদিকে প্রতিদিন মানুষের আয় কমছে। কিন্তু বাজেটে সরকার এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। মানুষকে বাঁচাতে সামাজিক নিরাপত্তা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার কথা, সরকার তা দেয়নি। যতটুকু দিয়েছে, তা যত্সামান্য। এর মধ্যে পেনশনের টাকার কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।

এর আগে পাঁচ দিনের সফরে ঢাকা থেকে আজ দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জি এম কাদের। সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ।

জি এম কাদের পাঁচ দিনের এই সফরে রংপুরে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। আগামী শনিবার তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাটে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন রোববার তিনি রংপুর হয়ে ঢাকায় ফিরবেন।