বগুড়া জেলা পরিষদ নির্বাচন

কারাগারে থাকা চেয়ারম্যান প্রার্থী মান্নানের মুক্তির দাবিতে মানববন্ধন

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল মান্নান আকন্দের মুক্তির দাবিতে মানববন্ধন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের স্টেশন সড়কে
ছবি: প্রথম আলো

রেস্তোরাঁয় হামলা ও লুটপাটের মামলায় গ্রেপ্তার বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ আবদুল মান্নান আকন্দের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহরের স্টেশন সড়কে রেলওয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ এ মানববন্ধনের আয়োজন করে।

ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আমান উল্লাহ, ইয়াদত আলী খান, শরিফুল ইসলাম, আবুল কাশেম, শামিম খান, হাফেজ আলী মোল্লা, আমির, নাসির, আলিম, রাশেদ, মনিরুজ্জামান প্রমুখ।

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে আবদুল মান্নান আকন্দকে কারাগারে পাঠানো হয়েছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করেন বক্তারা। তাঁরা বলেন, আবদুল মান্নান যাতে নির্বাচন করতে না পারেন, এ জন্য কারাগারে থাকা এই সমাজসেবকের বিরুদ্ধে একের পর এক সাজানো মামলা দিয়ে নির্বাচন পর্যন্ত জেলে আটকে রাখার ষড়যন্ত্র হচ্ছে। তাঁর বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এদিকে নির্বাচন নিয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে আবদুল মান্নান আকন্দের ফেসবুক পেজ থেকে লাইভ করেন তাঁর মেয়ে মৌসুমী মান্নান। তিনি অভিযোগ করেন, গুজব ছড়ানো হচ্ছে, কারাগারে থাকা তাঁর বাবা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার সপরিবার তাঁর সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। তিনি বগুড়াবাসীর উদ্দেশে কিছু বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেছেন, বগুড়াবাসীর হক ও অধিকারের জন্য তিনি সারা জীবন লড়াই করে যাবেন। তিনি কোনো আপস করবেন না। প্রয়োজনে সারা জীবন জেলে কাটিয়ে দেবেন। আবদুল মান্নান পরিবারের সদস্যদের আরও বলেছেন, আপস করলে তিনি জেলে যেতেন না। ইতিমধ্যে তাঁর নামে অনেক মামলা করা হচ্ছে। হয়তো আরও মামলা হবে। কিন্তু তিনি আপস করবেন না। তিনি নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন।

বাবার জন্য ভোট প্রার্থনা করে মৌসুমী মান্নান বলেন, ‘আপনাদের মূল্যবান ভোট আমার বাবাকে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।’

আবদুল মান্নান বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান আবদুল মান্নান। তবে দল থেকে জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মকবুল হোসেনের বিরুদ্ধে আবদুল মান্নান একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

১৬ সেপ্টেম্বর রেলওয়ের সাবেক লোকোমাস্টার ও শহরের রেলওয়ে মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হায়দার আলী সরকার বাদী হয়ে আবদুল মান্নান আকন্দসহ ১২ জনের নাম উল্লেখ করেন। এতে রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাট এবং তাঁর ছেলেকে মারধরের অভিযোগ আনা হয়। গত বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আবদুল মান্নান জামিন চাইতে গেলে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।