যাত্রীদের দুর্ভোগ আর নেই, অবস্থা আগামীতে আরও ভালো হবে: ঈদযাত্রা প্রসঙ্গে আইজিপি

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়
ছবি: প্রথম আলো

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ইতিমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ এবং যাত্রী সাধারণ যেন সহজে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এ জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আমরা সারা দেশে আমাদের যাত্রী সাধারণ যথাসময়ে তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকব। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক। আগামী দিনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং আমরা আশাবাদী, যাত্রীদের যথাসময়ে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারব।’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যান পুলিশ মহাপরিদর্শক। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি গণপরিবহনে যাত্রী ও চালকদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রশংসা করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। গত সময়ের তুলনায় এখন যাত্রীদের দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামী দিনে আরও ভালো হবে বলে আশা করেন তিনি।

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে আইজিপি বলেন, ‘ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে। সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়। সারা বছরের জন্য আমাদের স্বাভাবিক একটা ব্যবস্থা আছে, সেটা বলবৎ থাকবে। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন, সে জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারও আমরা এ রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।’

ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছে জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটগুলো সবাই একযোগে একসঙ্গে কাজ করছি। এখানে র‍্যাবও নিয়োজিত। আমাদের সঙ্গে প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন, যেন সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে যথাসময়ে যেতে পারেন।’

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।