বজ্রপাতে জামালপুর, ময়মনসিংহ, রংপুর, শরীয়তপুর ও বরগুনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর দুইটার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।
জামালপুরে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকার শামীম মিয়া (৩৭) এবং দেওয়ানগঞ্জ উপজেলার সাগর ইসলাম (১৮)। তাঁদের মধ্যে শামীম কৃষিকাজ করেন এবং সাগর ইসলাম নির্মাণশ্রমিক ছিলেন। পৃথক বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় বৃষ্টির মধ্যে শামীম পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। প্রায় একই সময়ে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় একটি সড়ক নির্মাণের কাজ করছিলেন সাগর ইসলাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক মারা গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি তারকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। বাড়ির অদূরে রাংসা নদীতে সকাল সাতটার দিকে মাছ ধরতে যান সাদ্দাম হোসেন। বৃষ্টি ও বজ্রপাতের সময় মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি বাড়িতে নিয়ে যান।
তারাকান্দা থানার ওসি তানবীর আহমেদ বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
বজ্রপাতে রংপুরের তারাগঞ্জে মারা গেছেন সাহেরা বেগম (৫০) নামের এক নারী। তাঁর একটি গরু বাড়ির উঠানে আমগাছে বাঁধা ছিল। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে সেই গরু গোয়ালে নিতে বের হন সাহেরা। গরুটি আনতে গিয়ে বজ্রাপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাঁকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাহেরা বেগমের বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করে সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইবাদত হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুরো পরিবারে মাতম চলছে।
শরীয়তপুরের মারা যাওয়া ব্যক্তির বাড়ি রাজিব শেখ (৩২)। তাঁর বাড়ি নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ায়। তিনি পেশায় জেলে ও কৃষক ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জপসা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল মকদম প্রথম আলোকে বলেন, মাইজপাড়া এলাকার রাজিব শেখ কৃষি কাজ ও মাছ শিকারের কাজ করে জীবিকা নির্বাহ করেন। আজ দুপুরে কীর্তিনাশা নদীতে দুপুরের দিকে মাছ শিকার করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে রাজিবের শরীর ঝলসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রাজিবের লাশ নদীর তীরে তুলে আনেন। নিহত রাজিবের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম প্রথম আলোকে বলেন, ‘আমরা মারা যাওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছি। ওই পরিবারটির পাশে যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।’
বরগুনার আমতলীতে বজ্রাঘাতে মারা যাওয়া ব্যক্তির নাম নুর জামাল (৫৪)। তাঁর বাড়ি উপজেলার পুজাখোলা গ্রামে। পেশায় কৃষক নুরুজামাল দুপুরে মাঠে বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি গিয়ে যায়।
খবর পেয়ে বুধবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মারা যাওয়া নুর জামালের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।