৫০-৬০ ফুট চওড়া খালের তলদেশ কৃষিখেতের সমতলে এসে দাঁড়িয়েছে। মৃতপ্রায় খালটি জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না।

খুলনা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কারিকরপাড়া খালটি খুবই গুরুত্বপূর্ণ। ওই ওয়ার্ডসহ আশপাশের কয়েকটি ওয়ার্ডের পানি এ খালে এসে পড়ে। কারিকরপাড়া সেতুর ওপর দাঁড়িয়ে দেখা যায়, খালটি এখন ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। বর্জ্যের কারণে খালে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ। দু-এক জায়গায় একটু পানির দেখা মিললেও দূষণে তাতে হাত ছোঁয়ানোর অবস্থা নেই। স্থানীয় ব্যক্তিরা খালের মাঝখানে গরু-ছাগল বেঁধে খাওয়াচ্ছেন। খালের মধ্যে সরাসরি গৃহস্থালি বর্জ্য ফেলা হচ্ছে। ৫০-৬০ ফুট চওড়া খালের তলদেশ কৃষিখেতের সমতলে এসে দাঁড়িয়েছে। মৃতপ্রায় খালটি জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না। মশার প্রজনন ক্ষেত্র এখন এ খাল।
ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, ৬ নম্বর ওয়ার্ডের মূল সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলে ওয়ার্ডের বড় সড়ক পাবলার কেশবলাল সড়ক পানিতে তলিয়ে যায়। শরীফ আমজাদ হোসেন সড়ক, সাহাপাড়া, কবির বটতলা, সবুজ সংঘ মাঠ, মোল্লার মোড়, কুন্ডুপাড়া এলাকার পানি সব কেশবলাল সড়কের নালায় এসে পড়ে। সেখান থেকে ঘুরে চলে যায় কারিকরপাড়া খালে। খালটির অবস্থা একে তো নাজুক, তার ওপর কেশবলাল সড়কের সরু নালা দিয়ে বিভিন্ন এলাকার পানি বের হতে দেরি হওয়ায় জলাবদ্ধতা দেখা হয়।
ওয়ার্ডের সাহাপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ আলী গাজী বলেন, আরও অনেক সমস্যা আছে। তবে জলাবদ্ধতা ১ নম্বর সমস্যা। ড্রেন দিয়ে পানি সরে না। সাত-আট বছর আগে খনন করা খাল রক্ষণাবেক্ষণের অভাবে কোনো উপকারে আসেনি।
ওয়ার্ডের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বল পয়োনিষ্কশন ব্যবস্থার পাশাপাশি ৬ নম্বর ওয়ার্ডে মাদকের ব্যাপক বিস্তার রয়েছে। ওয়ার্ডের কবির বটতলা খেলার মাঠটিতে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। ওয়ার্ডের গলির রাস্তাগুলো খুবই নাজুক, সড়কবাতি কোথাও নষ্ট হলে দীর্ঘ সময়ে তা ঠিক করা হয় না। বর্জ্য ব্যবস্থাপনাও দুর্বল। ওয়ার্ডের অনেক বাড়িতে এখনো ওয়াসার পানি পৌঁছায়নি। ওয়ার্ডবাসীদের জন্য ভোগান্তির আরও একটি বিষয় হচ্ছে, ওয়ার্ডে কোনো মিলনায়তন বা কমিউনিটি সেন্টার না থাকা।
৬ নম্বর ওয়ার্ডের সীমানা হলো উত্তরে পাবলা রোড, প্রতাপাদিত্য রোড ও লঞ্চঘাট রোড। দক্ষিণে দৌলতপুর বাজারের শেষ প্রান্ত এবং বিডিআর ক্যানেল। পূর্বে ভৈরব নদ এবং পশ্চিমে করপোরেশন এলাকার শেষ সীমানা। দক্ষিণের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজ এ ওয়ার্ডে অবস্থিত। ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৫০ হাজার। এর বাইরে বিএল কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে থাকেন। এবার ভোটার ১৭ হাজারের বেশি।
১৭ এপ্রিল দুপুরে পানির সমস্যা নিয়ে ওয়ার্ড কার্যালয়ে আসা রঞ্জু ঘোষ বলেন, ‘সবুজ সংঘ ক্রস রোড এলাকার পাঁচটি গলিতে ওয়াসার পানির কোনো লাইন নেই। কষ্ট করে সবুজ সংঘ মাঠের কোনার নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। সিটিতে বাস করে সিটির সুবিধা পাচ্ছি না।’
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত আলী এ ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর ছেলে শামসুদ্দিন আহম্মেদ উপনির্বাচনে কাউন্সিলর হন। এরপর ২০১৮ সালে বিএনপির সমর্থনে ফের কাউন্সিলর হন শামসুদ্দিন। ২০১৯ সালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির ১২ কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দেন। শামসুদ্দিন তাঁদের একজন। এবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করতে চান তিনি। বাবার সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্যানাফ্লেক্স টাঙিয়েছেন বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমার দেওয়া প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করেছি। তবে এখনো সব জায়গায় কাজ করতে পারিনি। আমার বাসা কেশবলাল রোডে, ১৫ মিনিট বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। ১৫-২০ ড্রেনের পানি এসে চাপ পড়ে। কেশবলাল রোড থেকে যদি সরাসরি খালে পানি ফেলতে পারতাম, তাহলে ভালো হতো। খালটি যদি খনন করে পরিষ্কার রাখতে পারতাম, তাহলে হয়তো জলাবদ্ধতা কমত। বরাদ্দের অভাবে করা যায়নি।’