পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল গফুর (৭০) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ চারজনকে আটক করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার নিহতের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) টাকা ধার নেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। আলমের অভিযোগ, ময়েন আগে ধার নেওয়া টাকা পরিশোধ করেননি এবং আবার টাকা চাইলে তা না দেওয়ায় বিরোধের সূত্রপাত হয়।
ওই ঘটনার জেরে আজ দুপুরে ময়েন উদ্দিন লোকজন নিয়ে আলমের বাড়িতে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আবদুল গফুর, মানিক হোসেন (৪৩), ময়েন উদ্দিন, ময়ূরী খাতুনসহ (৩৪) কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ময়েন উদ্দিন, তাঁর স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেনকে (২৫) পুলিশ আটক করেছে।
নিহতের ছেলে আলম দাবি করেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। মারধরের ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টাকাপয়সাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আবদুল গফুর নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।