
ঈদের তৃতীয় দিন আজ সোমবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতে গেছেন অন্তত এক লাখ পর্যটক। বিকেল নাগাদ এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। সৈকতের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, টেকনাফ, রামু, চকরিয়া ও মহেশখালীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড় বাড়ছে। এতে ব্যবসা-বাণিজ্যে চাঙাভাব ফিরেছে। হোটেল মালিক ও ব্যবসায়ীরা মনে করছেন, ৩০ এপ্রিল পর্যন্ত সৈকতে পর্যটকের সমাগম থাকবে।
কক্সবাজার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিসহ পরবর্তী ১০ দিনে সৈকত ভ্রমণে আসবেন অন্তত আট লাখ পর্যটক। এর বিপরীতে পাঁচ শতাধিক হোটেল গেস্টহাউস, রিসোর্ট, কটেজ, সাত শতাধিক রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা হবে প্রায় ৬০০ কোটি টাকার।
আজ সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে পর্যটকের ঢল। সুগন্ধার ১ কিলোমিটার সৈকতে সমাগম ঘটে অন্তত ৬০ হাজার মানুষের। উত্তর দিকে সিগাল থেকে লাবণী পয়েন্টে পর্যন্ত দুই কিলোমিটারে ভিড় করছেন আরও ৩০ হাজারের মতো পর্যটক। আবার সুগন্ধার পূর্বদিকে কলাতলী সৈকতের এক কিলোমিটারে আছেন আরও ১২ হাজারের মতো পর্যটক। সব মিলিয়ে কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটারে অন্তত এক লাখ পর্যটকের সমাগম ঘটেছে।
দেখা গেছে, উত্তাল সমুদ্রে কোমরসমান পানিতে নেমে গোসল করছেন অনেক পর্যটক। গতকাল রোববার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে উত্তাল অবস্থা। ১৩ দিন ধরে টানা দাবদাহ পরিস্থিতি বিরাজ করলেও বৃষ্টির দেখা নেই।
গোসলে নামা পর্যটকদের পর্যবেক্ষণে পৃথক চারটি টাওয়ার থেকে এবং পানিতে দাঁড়িয়ে নজরদারি করছেন ‘সি সেফ’ নামে বেসরকারি একটি লাইফগার্ড প্রতিষ্ঠানের ২৫ জন কর্মী। প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. আলমগীর বলেন, বিপুলসংখ্যক পর্যটক সামাল দিয়ে স্বল্পসংখ্যক লাইফগার্ড কর্মীকে হিমশিম খেতে হচ্ছে।
সকাল ৯টার দিকে সুগন্ধা সৈকতে স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে গোসলে নামেন গাজীপুরের ফল ব্যবসায়ী ফজলুল হক (৪৫)। আধা ঘণ্টা লোনা জলে ডুব সাঁতার দিয়ে তাঁরা বালুচরে ওঠে আসেন। ফজলুল হক বলেন, সমুদ্রে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু ঢেউয়ের উচ্চতা বেশি দেখে মনে ভয় জেগেছে। তাই ওঠে এলাম। ছেলে সাঁতার জানে না।
কিশোরগঞ্জের ব্যবসায়ী মঈনুল ইসলাম স্ত্রী ও এক মেয়েকে সঙ্গে নিয়ে নামেন সৈকতের সিগাল পয়েন্টে। বালুচরে দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রে লোকজনের গোসল ও টিউবে ভেসে ঢেউয়ের সঙ্গে লড়ার দৃশ্য উপভোগ করেন। এরপর পাশের একটি চেয়ার-ছাতার কিটকটে বসে পড়েন। মঈনুল ইসলাম বলেন, জীবনে প্রথম তাঁরা কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন। উঠেছেন কলাতলীর একটি গেস্টহাউসে। এত মানুষের ভিড় দেখে সমুদ্রে গোসলে নামার আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানালেন তিনি।
সমুদ্রে গোসল সেরে পর্যটকেরা ছুটছেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দিকে। এই সড়কের দুই পাশে আছে পাহাড়ি ঝরনা, প্রাকৃতিক গুহা ও সুড়ঙ্গ, দরিয়ানগর পর্যটন পল্লি, পাথুরে সৈকত ইনানী ও পাটুয়ারটেক, টেকনাফ সৈকত ইত্যাদি। এসব সৈকতেও অনেকে ঝুঁকি নিয়ে গোসল করছেন।
সৈকত ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, ঈদের ছুটি এবং পরবর্তী আরও কয়েক দিনে সৈকত ভ্রমণে আসছেন অন্তত আট লাখ পর্যটক। তাদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, বিনোদনকেন্দ্র ছাড়াও সমুদ্রসৈকতে রাত দিন পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ।