
বিশেষ কাজে কুষ্টিয়ার কুমারখালীতে এসেছিলেন মো. আবু মুত্তালিব। কাজ সেরে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে বাসের মধ্যে তিনি লাখ টাকা কুড়িয়ে পান। এখন কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে প্রকৃত মালিককে খুঁজছেন তিনি।
আবু মুত্তালিব কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। তিনি কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা। মালিকের সন্ধান চেয়ে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে আবু মুত্তালিব লিখেছেন, ‘আজ শনিবার বিশেষ কাজে কুমারখালী গিয়েছিলাম। আসার সময় বাসের মধ্যে ১ লক্ষ (+/-) টাকা কুড়িয়ে পেয়েছি। টাকাগুলা কাউন্টার মাস্টার আরিফ সাহেবের কাছে জমা আছে।’
আবু মুত্তালিব প্রথম আলোকে বলেন, কাজ সেরে দুপুরে একটি লোকাল বাসে তিনি বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাসের সিটের ওপর প্রায় এক লাখ টাকা কুড়িয়ে পান। ওই টাকা বাসের চালকের সহযোগী তাঁকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি প্রস্তাবে রাজি না হয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে কাউন্টার মাস্টারের কাছে জমা রেখেছেন।
জানতে চাইলে কাউন্টার মাস্টার আরিফ প্রথম আলোকে বলেন, ‘এই যুগেও ভালো মানুষ পাওয়া যায়, মুত্তালিব সাহেব তাঁর জ্বলন্ত উদাহরণ। টাকা আমার কাছে আছে। তথ্যপ্রমাণ পেলে প্রকৃত ব্যক্তিকে আমি ফেরত দেব।’