রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

‘বাজারোত শোগ জিনিসের দাম বাড়ছে, কম দামে পণ্য পায়া উপকার হইছে’

রংপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভিড়। আজ সকালে নগরের তাঁতিপাড়ায়
ছবি: মঈনুল ইসলাম

রংপুর নগরের গুপ্তপাড়ার বাসিন্দা আশিক ইকবাল। ষাটোর্ধ্ব আশিক একজন সাংস্কৃতিক কর্মী। পাশাপাশি তিনি একটি স্কুল পরিচালনা করেন। তবে সেই স্কুলের অবস্থা খুব একটা ভালো নয়। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আশিক। তাই সাশ্রয়ে টিসিবির পণ্য কিনতে শহরের সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এসেছেন তিনি।

আশিক ছাড়াও নগরের নিম্ন আয়ের বেশির ভাগ মানুষের গল্প এখন এমনই। আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরের তাঁতিপাড়া সেতুর পাশে, মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, সালেমা বালিকা উচ্চবিদ্যালয়, শালবন মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও দক্ষিণ মোমিনপুর মিলের পাড়সহ ছয়টি কেন্দ্রে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সুলভ মূল্যে তেল, ডাল, চিনি ও ছোলা বুট বিক্রি করছে। এ সময় কার্ডধারী পরিবারের লোকজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারকর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে আজ থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তাঁতিপাড়া সেতুর পাশে সাশ্রয়ী মূল্যে টিসিবির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন।

এই কেন্দ্র থেকে তেল, ডাল, চিনি ও ছোলা বুট কিনে বাড়ি ফিরছিলেন সমর কুমার অধিকারী। তিনি বলেন, ‘বাজারোত শোগ জিনিসের দাম বাড়ছে। কম দামে পণ্য পায়া হামার মতো গরিব মানুষের অনেক উপকার হইছে।’

এদিকে নগরের সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের কেন্দ্রে বেলা ১১টায় থেকে পণ্য বিক্রি শুরু হয়। তবে সকাল থেকেই সেখানে ক্রেতাদের লম্বা সারি তৈরি হয়। সকাল ৯টায় গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য পেতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে এসেছেন। গুপ্তপাড়ার বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা তৈয়বুর রহমান ছিলেন অপেক্ষমাণ সারিতে। তিনি বলেন, ‘নিত্যপণ্যের সব জিনিসের দাম বেড়েই চলেছে। বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে। এখন এই কার্ডই ভরসা। একটা কার্ডে কত যে উপকার হয়েছে, তা কী করে বুঝাই!’

টিসিবির পণ্য কেনার পর সেগুলো গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিন ক্রেতা

একই সময় নগরের মোসলেম উদ্দিন বালিকা বিদ্যালয় কেন্দ্রে টিসিবির সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়, চলবে বিকেল চারটা পর্যন্ত। এখানে ৬১৪ কার্ডধারী দিনভর এসব পণ্য কেনার সুযোগ পাবেন।

বাড়ির কাজ ফেলে সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে এসেছেন নগরের বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা আনজুমান আরা (৬৫)। ছয়জনের সংসারে অনেক কষ্ট। তিনি বলেন, ‘টিসিবির এই ৪টা জিনিস কিনতে ৪৭০ টাকা লাগবে। সেটে এই জিনিস কয়টা বাজার থাকি কিনবার গেইলে আরও ৩৫০ টাকা বেশি লাগিল হয়। তাই কাজ কাম ফেলে ছুটি আসছি।’

টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জামাল উদ্দিন বলেন, সাশ্রয়ী মূল্যে টিসিবির কার্যক্রম জেলার ছয়টি কেন্দ্রে শুরু হয়েছে। এতে প্রথম দিন ৪ হাজার ৬২২ জন সুবিধাভোগী কার্ডধারীরা পণ্য পাবেন। পবিত্র রমজান মাস উপলক্ষে ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলের প্যাকেজ মূল্য ৪৭০ টাকা। একেক কার্ডধারী মাসে একবার করে এসব পণ্য পাবেন।