ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা আকস্মিক স্থগিত নিয়ে বরিশালে নানা জল্পনা

বর্তমান চরমোনাই পীরের দুই ভাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন গতকাল মঙ্গলবার দলীয় প্রার্থী ঘোষণা করার কথা জানিয়েছিল। তবে দুপুরের দিকে তা আকস্মিক স্থগিত করে দলটি। দলের গণমাধ্যম শাখা থেকে বার্তা পাঠিয়ে বলা হয়, ‘অনিবার্য কারণবশত বরিশাল সিটিতে হাতপাখার প্রার্থীর নাম ঈদের পর ঘোষণা করা হবে।’ প্রার্থী ঘোষণা নিয়ে দলটির এমন সময়ক্ষেপণ এবং আকস্মিক তা স্থগিত করার ঘটনা নিয়ে নানা আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।

ইসলামী আন্দোলনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আসলে দলীয়ভাবে আমরা মনোনয়নের ব্যাপারে আরেকটু পর্যালোচনা করার জন্য প্রার্থী ঘোষণার বিষয়টি স্থগিত করা হয়েছে।’

এ ব্যাপারে আওয়ামী লীগ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কয়েকজন বলেন, দলটি হয়তো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে এগোচ্ছে। ক্ষমতাসীন দলে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আকস্মিক দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থকেরা হতাশ হয়েছেন। তার ওপর এবার বিএনপি নির্বাচনী মাঠে না থাকায় বিএনপির ভোটারদের একটা বড় অংশের আনুকূল্য পাওয়া যাবে বলে দলটির নেতাদের ধারণা। এ ছাড়া দলটির নিজস্ব সমর্থক ও চরমোনাই পীরের অনুসারী নিয়ে নিজস্ব একটি ভোটব্যাংকও আছে বলে মনে করেন এই দলের নেতারা। এসব কিছু বিবেচনায় নিয়ে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সর্বোচ্চ সুবিধা পেতে অবস্থা বুঝে প্রার্থী দিতে চাইছে হয়তো দলটি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, এখানে মেয়র প্রার্থী হিসেবে দুজনকে বিবেচনা করছে দলের নীতিনির্ধারণী মহল। তাঁরা হলেন দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তাঁরা দুজনই প্রয়াত চরমোনাই পীরের ছেলে এবং বর্তমান পীরের ভাই। তাঁদের মধ্যে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। মেয়র নির্বাচনকে লক্ষ্য রেখে তাঁকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হয় তাঁর আরেক ছোট ভাই সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করিমকে। তিনি বর্তমানে ওই ইউপির চেয়ারম্যান।

এ ক্ষেত্রে এমনও হতে পারে, যদি ক্ষমতাসীন দলের কোনো পক্ষের আনুকূল্য তাঁরা ভেতরে-ভেতরে আদায় করতে পারেন, সে ক্ষেত্রে ফায়জুল করিমকেই হয়তো প্রার্থী করতে পারে এই দল। এটা সম্ভব না হলে কৌশল বদলে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরকে প্রার্থী করা হতে পারে।
রফিকুল আলম, সাধারণ সম্পাদক, সুজন বরিশাল নগর কমিটি

ইসলামী আন্দোলনের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি অনেক আগেই দেশের অন্য চার সিটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল। কিন্তু বরিশালে মেয়র প্রার্থী হিসেবে এত দিনেও কাউকে চূড়ান্ত করা হয়নি। ২০১৮ সালের নির্বাচনে বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা উবাইদুর রহমান। তিনি এখন অনেকটা অসুস্থ হওয়ায় এবার তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। এ জন্য এবার বিকল্প প্রার্থী খুঁজছে দলটি।

বরিশালে ইসলামী আন্দোলনের নিজস্ব ভোটব্যাংক থাকার প্রমাণ পাওয়া যায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে। ওই বছর বরিশাল-৫ (সিটি করপোরেশন-সদর) আসনে ২৭ হাজারের বেশি ভোট পায় দলটি। সেবার দলটির প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

২০০৮ সালের সংসদ নির্বাচনে দলটি এককভাবে ১৬০টি আসনে প্রার্থী দিয়ে সারা দেশে ৬ লাখ ৫৮ হাজার ২৫৪ ভোট পায়। ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি দলটি। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে সব আসনে প্রার্থী দিয়ে আলোচনায় আসে দলটি। ভোট গ্রহণের দিন অনিয়মের অভিযোগ তুলে ফল বর্জনের ঘোষণা দিলেও সারা দেশে দলটি ১২ লাখ ৫৫ হাজার ৩৭৩ ভোট পায়। এরপর স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রার্থীরা ভালো ভোট পান। গত ১৬ মার্চ পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে তিনজন ইউপি চেয়ারম্যান পদে জয় পান। বরিশাল সদর উপজেলায় দুটি ইউপির বর্তমান চেয়ারম্যান এই দলের। ভোটের মাঠে বিএনপির অনুপস্থিতিতে বরিশাল সিটি নির্বাচনে এসব সুযোগ কাজে লাগাতে চায় দলটি।

মূলত আমরা কৌশলগত কারণে ঈদের পরে এখানে প্রার্থী ঘোষণা করব। আমরা অধিকতর পর্যালোচনার জন্যই এটা করেছি। বরিশালে কাকে প্রার্থী করলে দলের জন্য সুবিধা পাওয়া যাবে, এমনটা আমরা কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করছি।
আশরাফ আলী আকন, সভাপতিমণ্ডলীর সদস্য, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা, এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই ইসলামপন্থী দলটি বরিশাল নগরের নির্বাচনে এবার ভিন্নভাবে আবির্ভূত হতে চাইছে। এ জন্য ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজনের বিষয়টি পরখ করে প্রার্থী মনোনয়ন দিতে চায় হয়তো এই দল।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে এমনও হতে পারে, যদি ক্ষমতাসীন দলের কোনো পক্ষের আনুকূল্য তাঁরা ভেতরে-ভেতরে আদায় করতে পারেন, সে ক্ষেত্রে ফায়জুল করিমকেই হয়তো প্রার্থী করতে পারে এই দল। এটা সম্ভব না হলে কৌশল বদলে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরকে প্রার্থী করা হতে পারে। আর এ জন্যই দলটি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এমন সময়ক্ষেপণ করছে বলে আমার কাছে মনে হচ্ছে।’

সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, ‘এমন ধারণা অমূলক নয়। বিএনপি মাঠে না থাকায় এর একটা সুফল হয়তো ইসলামী আন্দোলন পেতে চাইছে। আওয়ামী লীগও নতুন প্রার্থী দিয়েছে। সবকিছু মিলিয়ে এই দলটি একটা সুবিধাজনক ক্ষেত্র সৃষ্টি করতে চাইছে বলেই ধারণা করছি।’

তবে বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন প্রথম আলোকে বলেছেন, ‘এমন আশঙ্কা আমাদেরও আছে। তবে সেটা এখানে খুব একটা সুফল পাবে না। কারণ, আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে এখানে প্রবল জনমত সৃষ্টি হয়েছে। কারণ তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তাঁর শুধু দল নয়, সুস্থ ও সুচিন্তার মানুষ তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তা ছাড়া আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে যে জনমতের জোয়ার, তাতে ভোটাররাই তাঁর কর্মী হিসেবে মাঠে থাকবেন। এমন সুযোগ কাউকে দেবে না।’

তবে এ ব্যাপারে আশরাফ আলী আকন বলেন, ‘আসলে বিষয়টি এমন করে আমরা ভাবছি না। এ ধারণার সঙ্গে প্রার্থী ঘোষণা না করার কোনো যোগসূত্র নেই। মূলত আমরা কৌশলগত কারণে ঈদের পরে এখানে প্রার্থী ঘোষণা করব। আমরা অধিকতর পর্যালোচনার জন্যই এটা করেছি। বরিশালে কাকে প্রার্থী করলে দলের জন্য সুবিধা পাওয়া যাবে, এমনটা আমরা কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করছি। সে জন্যই আমরা আরেকটু সময় নিচ্ছি।’