সাতক্ষীরায় মৌয়াল নিখোঁজের ২ মাস পর মহাজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

আটক
প্রতীকী ছবি

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে নিরুদ্দেশ হওয়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মৌয়াল নেছার আলী ওরফে মন্টু গাজীর দুই মাসেও সন্ধান মেলেনি। ওই মৌয়ালের নিখোঁজের বিষয়ে প্রথমে বাঘে ধরে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে নিখোঁজ ব্যক্তির পরিবারের অভিযোগ, মহাজন আবিয়ার রহমানের লোকজন অপহরণের পর তাঁকে গুম করেছেন।

এ ঘটনায় ১৯ জুন নিখোঁজ মৌয়ালের ভাই আবুল হাসান বাদী হয়ে আদালতে একটি মামলার আবেদন করেন। আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দেন। পরে ২০ জুন শ্যামনগর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান ও রুহুল আমিন নামের দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। নিখোঁজ মৌয়াল নেছার উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মো. সাহাবুদ্দীন গাজীর ছেলে।

থানা-পুলিশ জানায়, মামলার অন্য আসামিরা হলেন আবিয়ার রহমান, মো. মালেক, মোক্তার মাসুম, কুমারেশ রায়, আবদুল মান্নান গাজী, ওবায়দুল্লাহ, জি এম আলম হোসেন, মো. আশিকুজ্জামান ও মো. সোহেল। তাঁরা সবাই শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মিজানুর রহমান সাতক্ষীরার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কর্মরত। মহাজন আবিয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তাঁকে আসামি করা হয়েছে বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দীর্ঘদিনেও সহযোগী মৌয়ালরা শরীরের কোনো অংশ এনে দিতে না পারায় নিখোঁজ নেছার আলীর নিরুদ্দেশ নিয়ে রহস্য তৈরি হয়েছে। সহযোগী মৌয়ালরা একেক সময়ে একেক কথা বলছেন। মধু সংগ্রহ করতে যাওয়ার আগে মধুর দাম ও টাকা নিয়ে মহাজন আবিয়ার রহমান ও তাঁর ভাইয়ের সঙ্গে নেছারের কথা–কাটাকাটি হয়। এলাকায় প্রভাবশালী হওয়ার পরেও সবার সামনে অপমানিত হওয়ার জেরে সুন্দরবনে যাওয়ার পর নেছার আলীকে অপহরণের পর গুম করেন আসামিরা।

অভিযোগের বিষয়ে জানতে মহাজন আবিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর স্ত্রী হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, বাড়িতে পুলিশ আসার পর স্বামীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। মধু সংগ্রহের জন্য নৌকার মাঝিকে টাকা বুঝিয়ে দিলেও কারা বনে গিয়েছিলেন, তা তাঁর স্বামী জানতেন না। মৌয়াল নেছারের স্ত্রী-সন্তানেরা কেউ অভিযোগ না করলেও তাঁর ভাই আবুল হাসান অন্য কোনো উদ্দেশ্যে মামলা করেছেন বলে তিনি মনে করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আরিফ হোসেন বলেন, নিখোঁজ মৌয়ালের ভাই আদালতে মামলা করেন। আদালত মামলাটি থানাকে গ্রহণ করতে বলেন। থানায় মামলার পর দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান।

গ্রেপ্তার হওয়ার আগে আসামি রুহুল আমিন বলেছিলেন, ১ এপ্রিল আটজন সহযোগী নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান নেছার আলী। মধু সংগ্রহের আগে মহাজন আবিয়ার রহমানের কাছ থেকে দাদনের টাকা নেওয়া হয়। সুন্দরবনের সীমান্ত এলাকায় মধু সংগ্রহের একপর্যায়ে ১৬ এপ্রিল ভারতীয় বনরক্ষীদের হাতে মধু ও নৌকা সর্বস্ব হারান তাঁরা। পরে নদী সাঁতরে ও পায়ে হেঁটে তালপট্টি এলাকায় পৌঁছান। ১৯ এপ্রিল বিকেলে তালপট্টি এলাকায় বিশ্রামের সময় নেছারকে বাঘ ধরে বনের গহিনে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে তাঁরা এলাকায় ফিরে আসেন। পরে বন বিভাগ ও নেছার আলীর পরিবারের অনাগ্রহের কারণে তাঁর উদ্ধারের কেউ চেষ্টা করেনি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পর বারবার যোগাযোগ করলেও অজ্ঞাত কারণে নিখোঁজ মৌয়ালের পরিবারের কেউ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেনি। এ ছাড়া নিখোঁজ ব্যক্তির নাম ইস্যু করা অনুমতিপত্রে ছিল না দাবি করেন তিনি।