
কলেজছাত্র শাহারিন আলম ওরফে বিপুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পূরবীর (ছদ্মনাম)। অন্যদিকে পূরবীর বান্ধবী মাহমুদার (ছদ্মনাম) সঙ্গে প্রেম ছিল দেলোয়ার হোসেন নামের এক তরুণের। কয়েক দিন ধরে দেলোয়ারের সঙ্গে মাহমুদার মনোমালিন্য চলছিল। দেলোয়ার ও মাহমুদার প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে সহযোগিতা করছিলেন পূরবী। একপর্যায়ে পূরবীর প্রেমে পড়েন দেলোয়ার। কিন্তু পূরবী দেলোয়ারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে পূরবীর প্রেমিক শাহারিনকে ডেকে নিয়ে হত্যা করেন দেলোয়ার।
দিনাজপুরে কলেজছাত্র শাহারিন (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন সদর উপজেলার শালকী গ্রামের মো. রশিদের ছেলে দেলোয়ার হোসেন (২২), উপশহরের পাওয়ার হাউসের উজ্জল হোসেনের ছেলে শাকিব শাহরিয়ার (২১), নিশ্চিন্তপুরের আফজাল হোসেনের ছেলে আশরাফুল হোসেন ওরফে মিলন (১৯) ও উপশহরের হাউজিং মোড় এলাকার হামিদুর রহমানের ছেলে আসিফ মাহমুদ ওরফে হৃদয়। তাঁদের মধ্যে দেলোয়ার মাধ্যমিকের পর পড়ালেখা ছেড়েছেন। শাকিব বিবাহিত ও মাংস বিক্রেতা। অপর দুজন মাধ্যমিকের ছাত্র। আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার নিখোঁজের তিন দিন পর দিনাজপুর জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে টয়লেটের সঙ্গে ময়লার স্তূপ থেকে শাহারিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহারিন সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন আসামি দেলোয়ার। ফেসবুকে ভুয়া আইডি খুলে নিহত শাহারিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করেন এবং ক্যামেরা ধার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বন্ধুদের সহায়তায় তাঁকে হত্যা করেন।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, নিহত শাহারিনের ছবি তোলার শখ ছিল। বিষয়টি জানতে পেরে দুই মাস আগে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে শাহারিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন দেলোয়ার। ছবি তোলার প্রতি আগ্রহ ও নিজের ক্যামেরা থাকার কথা শাহারিনকে জানান তিনি। কয়েক দিনের জন্য শাহারিনকে ক্যামেরা ধার দেওয়ার কথাও বলেন। ঢাকায় থাকার কথা বলে এক বন্ধুর মাধ্যমে ক্যামেরাটি দিনাজপুরে পাঠিয়েছেন বলে শাহারিনকে জানান দেলোয়ার।
পুলিশ সুপার আরও বলেন, গত শনিবার সকালে শাহারিনকে ফোনে দেলোয়ার জানান, দিনাজপুর স্টেডিয়ামের কাছে ক্যামেরা নিয়ে তাঁর দুই বন্ধু অপেক্ষা করছেন। শাহারিন সকাল সাড়ে ৯টায় সেখানে গেলে ওত পেতে থাকা দেলোয়ার ও তাঁর সহযোগীরা তাঁকে ধরে নিয়ে স্টেডিয়ামের গ্যালারির কাছে নিয়ে যান। তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শাহারিনের মাথায় কাঠের চেলা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে চাকু দিয়ে তাঁর গলা কাটা হয়। মৃত্যু নিশ্চিতের পর ময়লার স্তূপে লাশ ঢেকে রেখে পালিয়ে যান আসামিরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন (সদর সার্কেল), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, শাহারিন শনিবার থেকে নিখোঁজ ছিলেন। স্বজনেরা থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ তাঁকে উদ্ধারে কাজ করছিলেন। এর মধ্যে সোমবার তাঁর লাশ উদ্ধার হয়। ওই রাতেই দেলোয়ারকে সন্দেহভাজন ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়। দেলোয়ারকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।