ঘরে ঘুমিয়ে ছিল ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে মামি সোনিয়া আক্তার তার ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে আফরিনকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রায় এক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ঘটনার ৪৯ দিন পর আজ শুক্রবার বিকেলে আফরিন মারা যায়। জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন। আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁরা কারাগারে আছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। এ সুযোগে ঘরে ঢুকে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে আফরিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসার পর আফরিনকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে ফিরলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
আফরিনের মা রওশন আরা প্রথম আলোকে বলেন, জমিজমা ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে তাঁর ভাই জাকির ও ভাবি সোনিয়ার সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ তৈরি হয়েছিল। এসব বিরোধের জেরেই তাঁর মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।