৮, ৯, ১০ ও ১১ মে নগরের খুলনা সদর, সোনাডাঙ্গা থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন হবে।

প্রায় ১৪ বছর ধরে খুলনা নগরে বিএনপির থানা পর্যায়ের কোনো সম্মেলন হয়নি। চলতি মে মাসে নগরের পাঁচটি থানার মধ্যে চারটি থানায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর সেই সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হবে।
তবে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম (মঞ্জু) ও তাঁর অনুসারীরা এই থানা সম্মেলনের উদ্যোগকে গোঁজামিল বলছেন।
তাঁরা চান না, নগরের ওয়ার্ডগুলোর সম্মেলন না করে, পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি না করে এবং কাউন্সিলর বা ভোটার নির্ধারণ না করেই নগরে বিএনপির থানা সম্মেলন হোক। এভাবে থানা সম্মেলন করাটাকে তাঁরা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছেন।
গত সোমবার সকালে নগরের গগনবাবু রোডে খুলনা নগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরউল্লাহ খানের বাসায় সভা করেন মঞ্জুপন্থী নেতারা। জাফরউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতারা বক্তব্য দেন।
সভায় উপস্থিত নেতারা বলেন, অসাংবিধানিক, অস্বচ্ছ ও ওয়ার্ড পর্যায়ে গঠিত অসম্পূর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে থানা সম্মেলন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান খুলনা মহানগর কমিটির এই পদক্ষেপ বন্ধ করার জন্য তাঁরা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, দলের দুঃসময়ের রাজপথের নেতা-কর্মীদের বাদ দিয়ে দেড় বছর আগে খুলনা মহানগর আহ্বায়ক কমিটি করা হয়। তিন মাস মেয়াদের এই কমিটি দেড় বছর পার করেও কোনো থানা ও ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি। এমনকি তারা প্রচলিত নিয়মকানুন-রীতি ভঙ্গ করে, থানা আহ্বায়ক কমিটি গঠন না করে সরাসরি ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন করেছে। ৩১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড আহ্বায়ক কমিটিগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই বিএনপির উপযুক্ত লোক না পেয়ে অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদ দেওয়া হয়েছে। আবার সেই ওয়ার্ডের সম্মেলন করে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন না করে, কাউন্সিলর বা ভোটার নির্ধারণ না করেই থানা সম্মেলনের উদ্যোগ গঠনতন্ত্র পরিপন্থী ও গোঁজামিলের শামিল।
নজরুল ইসলাম বলেন, শত পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী, সৎ ও সাহসীদের বাদ দিয়ে বিতর্কিত, বিগত নির্বাচনগুলোতে সরকারি দলের পক্ষে সরাসরি কাজ করা ব্যক্তি এবং ব্যক্তিবিশেষের আজ্ঞাবহদের দিয়ে কমিটি গঠনের পদক্ষেপ দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। বর্তমান খুলনা নগর বিএনপির ওপর কেউ আস্থা রাখতে না পারায় দেড় বছরে কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি।
নগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, রাজপথের ত্যাগী বিএনপি নেতারা মনে করেন, কেন্দ্রীয় বিএনপি আগামী আন্দোলন ও নির্বাচনের বছরে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলে সৎ ও সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, ফজলে হালিম, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান, সিরাজুল হক, আসাদুজ্জামান মুরাদ, গোলাম মাওলা, মেহেদী হাসান, মহিবুজ্জামান, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ইস্তিয়াক উদ্দিন, নিজামুর রহমান, সাদিকুর রহমান, মো. শাহজাহান, ইউসুফ হারুন, নিয়াজ আহমেদ প্রমুখ।
গত শনিবার নগরের কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাহী কমিটির সভায় থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সেই সভায় আগামী ৮, ৯, ১০ ও ১১ মে নগরের খুলনা সদর, সোনাডাঙ্গা থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নজরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সেই সম্মেলনের আগে থানার কমিটিগুলো করা হয়েছিল।
এরপর ২০১৬ সালের শুরুর দিকে নগরের ৩১টি ওয়ার্ড কমিটি গঠন করে নগরের পাঁচ থানায় বিএনপির সম্মেলন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সে সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
পরে ২০২১ সালের ৯ ডিসেম্বর নজরুল ইসলাম ও মোহাম্মদ মনিরুজ্জামানের নগর কমিটি ভেঙে দিয়ে খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলমকে সদস্যসচিব করে ৩ সদস্যবিশিষ্ট নগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ওই বছরের ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি নজরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেয়। একই দিনে নতুন আহ্বায়ক কমিটি সভা করে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে খুলনা মহানগরের অন্তর্গত ৩১টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। চলতি বছরের মার্চে নতুন করে ওয়ার্ডে ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই আহ্বায়ক কমিটির নেতারাই ভোট দেবেন।