ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন দুই চেয়ারম্যান প্রার্থী

ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঈশ্বর চন্দ্র বর্মণ
 ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে এসে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে গতকাল রোববার ফেসবুক লাইভে তাঁরা এ ঘোষণা দেন।

ওই দুই প্রার্থী হলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ প্রতীক) ও সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ (ঘোড়া প্রতীক)।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেসবুক লাইভে এসে আবুল কালাম আজাদ বলেন, ‘নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমি অংশ নিই। কিন্তু একজন প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে খাদ্যমন্ত্রী ও তাঁর পরিবারের নাম ব্যবহার করে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছে। আমার নেতা-কর্মীদের আমার পক্ষে প্রচার না চালানোর জন্য বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মীকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনকি ইউপি চেয়ারম্যানদের বাধ্য করা হচ্ছে ওই প্রার্থীর পক্ষে কাজ করতে। ইউপি চেয়ারম্যানরা ওই প্রার্থীকে ভোট না দিলে উপকারভোগী ব্যক্তিদের টিসিবি, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং দলের নেতা-কর্মীদের মধ্যে হানাহানি ও দ্বন্দ্ব নিরসনে আমি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

ফেসবুক লাইভে আবুল কালাম আজাদ অভিযুক্ত প্রার্থীর নাম উল্লেখ করেননি। পরে গতকাল রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে ঈশ্বর চন্দ্র বর্মণ বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে আগ্রহী প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী নিজেকে মন্ত্রীর লোক বলে এবং আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবি করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওই প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। ওই প্রার্থীকে ভোট না দিলে সরকারি সুবিধাভোগী ভোটারদের বঞ্চিত করা হবে বলে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং তাঁর কর্মীদের নিরাপত্তার স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদ (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার), জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস) ও সোহরাব হোসেন (জোড়া ফুল)।

অভিযুক্ত প্রার্থীর নাম জানতে মুঠোফোনে কল করা হলে আবুল কালাম আজাদ ও ঈশ্বর চন্দ্র বর্মণ কেউই নাম প্রকাশ করেননি। আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এমনিতে অনেক রোষানলের মধ্যে আছি। নাম বললে আরও হয়রানির মধ্যে পড়তে পারি। কোনো প্রার্থী এসব করছে, এটা ওপেন সিক্রেট। একটু খোঁজখবর নিলেই জানতে পারবেন।’

নাম প্রকাশ না করলেও ঈশ্বর চন্দ্র বর্মণ তাঁর বক্তব্যে নিয়ামতপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদের প্রতি ইঙ্গিত করেছেন। ঈশ্বর চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, যাঁরা বর্তমানে ক্ষমতার চেয়ারে বসে আছেন। যাঁরা নিজের ছেলেকে নেতা বানিয়ে ক্যাডার হিসেবে ব্যবহার করছেন, তাঁরাই এসব করে বেড়াচ্ছেন। এটা সবাই জানেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, যাঁদের কোনো জনপ্রিয়তা নেই এবং ভোটে নিশ্চিত পরাজিত হবেন, তাঁরাই এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমার বক্তব্য হচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, তাঁদের কাছে অভিযোগ করুক। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি মেনে নেব। আসলে তাঁদের কোনো অভিযোগের সত্যতা নেই। তাঁদের উদ্দেশ্য হলো আমাকে হেয় করা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’