
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাব শুরু হয়েছে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায়। আজ সোমবার সকাল থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে সামান্য। এতে বাঁধের কানায় কানায় উঠে গেছে পানি। নদী রয়েছে উত্তাল, মেঘলা আকাশের সঙ্গে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলীয় কয়রার মানুষেরা।
কয়রা আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হাসানুল বান্না বলেন, সিত্রাং আজ গভীর রাতে অথবা আগামীকাল ভোরে উপকূলীয় উপজেলা কয়রায় আঘাত করতে পারে। ভোর থেকে কয়রায় ৩০-৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে উপকূলীয় উপজেলা কয়রায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে জলোচ্ছ্বাস আজ সন্ধ্যার জোয়ারে শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন এই আবহাওয়া কর্মকর্তা।
হাসানুল বান্না বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় স্বাভাবিক জোয়ার থেকে চার থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সকাল থেকে যে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে, তা সিত্রাংয়ের প্রভাবেই হচ্ছে। তবে ভোররাত থেকে কয়রায় বিদ্যুৎ নেই। ফলে আবহাওয়ার ঢাকা কার্যালয়ে হালনাগাদ তথ্য প্রদানে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়রা উপজেলায় ১৩-১৪/১ ও ১৩-১৪/২ নামের দুটি পোল্ডারে পাউবোর ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২১ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ এবং ১২ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়লে এসব বেড়িবাঁধ ভেঙে এলাকায় লোনাপানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। যেকোনো ভয়ংকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজন প্রস্তুতি নিতে শুরু করেছেন। ঝুড়ি-কোদাল নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন তাঁরা। ভোররাতে ধসে যাওয়া কয়রার হরিণখোলা এলাকার বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন গ্রামবাসী।
কয়রায় অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো হচ্ছে মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, লোকা, গোবিন্দপুর, মঠবাড়ী ও পবনা; কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ লঞ্চঘাট, হরিণখোলা, ঘাটাখালী, ৪ নম্বর কয়রা ও ৫ নম্বর কয়রা বাল্লক সরদারের বাড়িসংলগ্ন এলাকা; মহেশ্বরীপুর ইউনিয়নের সাতানী, দক্ষিণ ভাগবা ও হড্ডা ফুলতলা; উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠকাটা, কাটমারচর, হাজতখালী, হরিহরপুর ও গাতীরঘেরী; দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা, গোলখালী, বীনাপানি, জোড়শিং ও আংটিহারা।
কয়রার সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন দক্ষিণ বেদকাশী। চারদিকে নদী আর তিন পাশে সুন্দরবনঘেরা এ ইউনিয়নেই যেকোনো ঝড় সবার আগে আঘাত হানে। ২০০৯ সালে আইলার সময় ইউনিয়নের প্রায় অর্ধেক গ্রাম প্রায় পাঁচ বছর নোনাপানিতে তলিয়ে ছিল। বুলবুল ও আম্পানেও ব্যাপক ক্ষতি হয় ওই ইউনিয়নে। ইউনিয়নের ২৭ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ১০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ।
কয়রা সদর ইউনিয়নের নদীর তীরে বসবাসকারী মানুষেরা জানান, সকালে জোয়ারের পানি ও নদীর ঢেউয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ১২টা থেকে ভাটা হওয়ার কথা থাকলেও নদীর পানি মোটেও কমেনি। এ কারণে ওই এলাকার মানুষে বেশি আতঙ্কিত।
কয়রা উপজেলাটি পাউবো সাতক্ষীরা বিভাগ-২-এর আওতাধীন। ওই বিভাগের পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, সকালে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় খুব বেশি বাড়েনি। জোয়ারের পানি এমন থাকলে খুব বেশি সমস্যা হবে না। তবে যদি পানির উচ্চতা ৮ থেকে ১০ ফুট হয় ও বাতাসের তীব্রতা বাড়ে, তাহলে বাঁধ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।