
রাজবাড়ীতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে ‘শান্তি সমাবেশ’ করে আওয়ামী লীগ। অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করে বিএনপি।
এদিকে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের বাধা, পুলিশের লাঠিপেটা ও আটকের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে ‘শান্তি সমাবেশের’ আয়োজন করা হয়। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে একটি মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে নেতা-কর্মীদের অনেকের হাতে লাঠিসোঁটা, রড, হাতুড়ি দেখা গেছে। মিছিলটি শহরের পান্না চত্বর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। মিছিল শেষে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বিএনপির কার্যালয়ে পৌঁছে দেয়।
আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। কিন্তু বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপির দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন।
আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর বিএনপির কার্যালয়ে সমাবেশ শুরু হয়। এ সময় শহরের বড়পুল এলাকায় বিএনপিদলীয় সাবেক সংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছিলেন। এতে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ-যুবলীগ। কিছু দূর আসার পর সিংগার মোড়ে পুলিশ মিছিলে লাঠিপেটা করে কয়েকজনকে আটক করে। এরপর বিএনপির নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নেতা-কর্মীদের নিয়ে বাড়িতে চলে যান।
দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়।
বিএনপির নেতা জয়নুল আবদিন আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনাদের যদি রাজনৈতিকভাবে লজ্জা থাকত, তাহলে আমার গাড়িতে হামলা করতেন না। আজ আমি ২৫৭ কিলোমিটার দূর থেকে এসেছি। নোয়াখালী থেকে পাঁচবার এমপি হয়েছি। আমার গাড়িতে হামলার বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। এভাবে আমাদের আন্দোলন দমানো যাবে না।’
বেলা সোয়া দুইটার দিকে বিএনপির নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে গিয়ে দেখা গেছে, বাড়ির প্রধান ফটক বন্ধ। বাড়ির সামনের রাস্তায় ইটের টুকরা ছড়ানো–ছিটানো। বাড়ি থেকে প্রায় এক শ মিটার দূরে প্রধান সড়কে গাড়ি নিয়ে অবস্থান করছে পুলিশ। সেখানে পুলিশের অনেক কর্মকর্তা থাকলেও বিএনপির নেতাদের আটকের বিষয়ে তাঁরা কেউ মন্তব্য করতে রাজি হননি।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। পথে ছাত্রলীগ ও যুবলীগ আমাদের বাধা দেয়। এরপরও আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর পুলিশ অতর্কিত হামলা চালায়। গুলি ছোড়ে। হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিনসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কতজন আটক বা আহত হয়েছেন, তা জানি না। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা যাবে না।’