
চট্টগ্রামের রাউজান উপজেলায় পাওনাদারের বাড়ির কক্ষের খাটে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেল এক দেনাদারের লাশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামিপাড়া গ্রামের মুহাম্মদ ইউনুসের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া দেনাদারের নাম কাজী দিদারুল আলম (৫৫)। তিনি মোকামিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একসময় কাতারপ্রবাসী ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও ছেলে আছে।
পরিবার ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কাজী দিদারুল আলমের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পাওনা দাবি করে ২০২১ সালে কয়েকটি চেক প্রতারণার মামলা করেন একই গ্রামের মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ ইদ্রিস নামের দুই ব্যক্তি। এরপর স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন দিদারুল। প্রায় তিন বছর ধরে তিনি চট্টগ্রাম শহরে থাকতেন। এর মধ্যে গত শুক্রবার রাতে দিদারুলকে ধরে আনেন ইউনুস ও ইদ্রিস। আটকে রাখেন ইউনুসের বাড়িতে। গতকাল সন্ধ্যায় ইউনুসের পাকা বাড়ির একটি কক্ষের খাট থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় দিদারুলের লাশ উদ্ধার করে পুলিশ।
দিদারুল আলমের ছোট ভাই কাজী ওয়াদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বড় ভাইয়ের কাছে টাকা পাওয়ার কথা বলতেন ইউনুস ও ইদ্রিস। টাকা আদায় করতে না পেরে ইউনুস ও ইদ্রিস ভাইকে ধরে এনে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
মুহাম্মদ ইউনুসের স্ত্রী সামসুন নাহারের ভাষ্য, পাওনা টাকার হিসাব করতে দিদারুলকে তাঁর স্বামী আর ইদ্রিস বাড়িতে নিয়ে আসেন। তিনি তাঁকে দুপুরে ভাত দেওয়ার জন্য ওই কক্ষে গিয়ে ডাকছিলেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। এরপর তাঁর স্বামী তাঁকে নিচে নামিয়ে আনেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন প্রথম আলোকে বলেন, খাটের ওপর গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মামলা নেওয়া হয়েছে।