দিনাজপুরের পার্বতীপুরের পুতুল রানী কেঁচো সার উৎপাদন করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁকে দেখে এখন অনেকেই জৈব সার উৎপাদন করছেন।

কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন দিনাজপুরের পার্বতীপুরের পুতুল রানী। শুধু পুতুল রানী, শিক্ষা পোদ্দার কিংবা সোনা রানী রায় নয়; পুতুল রানীকে দেখে আশপাশের অনেকেই এই সার উৎপাদনে মনোযোগী হচ্ছেন।
বর্তমানে এই গ্রামের প্রায় ১৫ থেকে ২০ উদ্যোক্তা বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন। কেঁচো সার উৎপাদন করে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর পোদ্দারপাড়া গ্রামের কৃষক প্রভাষ রায়ের স্ত্রী পুতুল রানী বেশ সুনাম কুড়িয়েছেন। তাঁর তৈরি করা কেঁচো সার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
পুতুল রানীকে দেখে গ্রামের অনেক যুবক ও নারীরা এখন ঝুঁকে পড়ছেন বিষমুক্ত কেঁচো বা জৈব সার উৎপাদনে। পুতুল রানী বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দিয়ে যাচ্ছি এই কেঁচো সার বিক্রি করে। প্রতি কেজি সার ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করা যায়।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ, ফুলবাড়ী, চিরিরবন্দর, গ্রাম বিকাশ, পানের বহরসহ স্থানীয় কৃষকেরাই এসব সার কিনে নেন। ২০১৮ সালে তিনি স্থানীয় উপজেলা কৃষি বিভাগ থেকে কেঁচো সার ও কুইক কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পুতুল রানী বাড়ির আঙিনায় দুটি রিংয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে গত
৬ বছর আগে দুটি রিং দিয়ে ৩০টি কেঁচো দিয়ে সার তৈরি শুরু করেন তিনি। তাঁর খামারের নাম দিয়েছেন ‘বড়হরিপুর সিআইজি মহিলা ফসল সমবায় সমিতি লি.’।
পুতুল রানী বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে কেঁচো সার তৈরি শুরু করি। কেঁচো সার তৈরিতে ৩৫ থেকে ৪০ দিনের মতো সময় লাগে। গোবরের মধ্যে কেঁচো ডিম দেয় এবং সেখান থেকেই কেঁচো জন্মে সাত থেকে আটটা। বর্তমান তাঁর কেঁচোর পরিমাণ প্রায় ৩০ লাখের ওপরে। তবে কেঁচোর পরিমাণ বেশি হলে সময়ও কম লাগে। এরপর নেট (জাল) দিয়ে চালাই (ঝেড়ে) করে কেঁচো পৃথক করা হয়। প্রতিটি রিং থেকে প্রায় ৪০ কেজি কেঁচো সার হয়। আর প্রতি মাসে ৬০টি রিংয়ে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ কেজি সার হয়ে থাকে। প্রতি কেজি সার ১৫ টাকা দরে বিক্রি করে খরচ বাদে প্রতি মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পেয়ে থাকি। এ ছাড়া প্রতি কেজি কেঁচো ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।’
শ্রীমতি পুতুল রানী বলেন, ‘ইঁদুর, টিকটিকি ও আরশোলা যাতে কেঁচোকে খেয়ে নিতে না পারে এ জন্য প্রতিটি রিং চট, ছালা ঢাকনা দিয়ে ঢেকে রাখি। নিয়মিত রিংয়ে রাখা গোবর উল্টে দেওয়াসহ আনুষঙ্গিক এ কাজে স্বামী ও ছেলেমেয়ে সহযোগিতা করে থাকে। এ কাজ করতে গিয়ে প্রথমে একটু ভয় হতো। ঠিকমতো খাবারও খেতে পারতাম না। কিন্ত এখন সে ধরনের সমস্যা আর নেই।’
উপজেলা কৃষি অধিদপ্তর তথ্যমতে, মাটিতে জৈব সারের ব্যবহার বাড়ালে মাটির প্রাকৃতিক উর্বরতা বাড়বে। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটিকে নরম করা ও পানি ধারণ ক্ষমতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে। বিভিন্ন অণুজীবের বসবাসের পরিবেশ সৃষ্টি করে। গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণের আয়নে পরিণত করে জৈব সার। এতে থাকে ৮৮.৩২ ভাগ জৈব পদার্থ, ১.৫৭ ভাগ নাইট্রোজেন, ১.২৬ ভাগ বোরন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। রাসায়নিক সার ব্যবহার করলে এই উপাদানগুলোর পরিমাণ ও ক্রমেই ভূমির উর্বরতা কমে যেতে থাকে।
বড়হরিপুর পোদ্দারপাড়া গ্রামের ষষ্ঠি কুমার বাধন পোদ্দার বলেন, ‘এ বছর কেঁচো সার দিয়ে ধান ও মরিচের আবাদ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে।’
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, ‘আমরা কৃষকদের জৈব সার ব্যবহারে এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কম্পোস্ট সারের ব্যবহার বাড়াতে পরামর্শ দিয়ে থাকি। দীর্ঘদিন থেকে জমিতে রাসায়নিক সার ব্যবহার করায় মাটি তার গুণাগুণ দিন দিন হারিয়ে ফেলছে। ফলে মাটিতে জৈব সারের অভাব দেখা দিয়েছে। বর্তমান সময়ে পরিবেশবান্ধব প্রযুক্তির মধ্যে কেঁচো সার উৎকৃষ্ট। এ সার জমিতে ব্যবহার করলে মাটি তার প্রাণ ফিরে পায়। তিনি আরও জানান, উপজেলায় এনএটিপি প্রকল্পের আওতায় পুতুল রানীকে ১৬টা রিং, শেড, ৪ কেজি কেঁচো সার দিয়ে তৈরির কৌশল শেখানো হয়।’