রাজশাহীতে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে ব্যাংক কমর্কতার্র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন। আজ সোমবার রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। আজ সোমবার সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেছেন। একটি চেক নিয়ে তাঁর সঙ্গে ৪০ লাখ টাকার প্রতারণা করা হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।

এই ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন। তাঁর বাড়ি নগরের সিলিন্দা এলাকায়। তিনি ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখার গ্রাহক। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর দাবি করেন, জমি কেনার জন্য তিনিই আলমগীরকে টাকা দিয়েছেন। এখন টাকাও দিচ্ছেন না, জমিও দিচ্ছেন না। টাকা না দিতে তিনি মিথ্যা বলছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আলমগীর হোসেন। তিনি বলেন, রাজশাহী নগরের সাহেববাজারে তিনি সবজির ব্যবসা করেন। এর পাশাপাশি জমি কেনাবেচা করেন। ২০০৮ সাল থেকে তাঁর লেনদেন ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখায়। ঋণ দিতে ব্যাংক বিভিন্ন সময় তাঁর কাছ থেকে সই করা ফাঁকা চেক জমা রেখেছে। চেক জমা দিয়েছেন ব্যাংকের ইনভেস্ট অফিসার মিজানুর রহমানের কাছে। সম্প্রতি এই কর্মকর্তা তাঁকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এতে বলা হয়, আলমগীর তাঁর কাছ থেকে ৪০ লাখ ৫৩ হাজার টাকা নিয়েছেন। এই টাকা ফেরত না দিলে জমা থাকা চেক ‘ডিজঅনার’-এর মামলা করা হবে।

আলমগীর বলেন, তিনি পড়াশোনা জানেন না। স্বাক্ষর করাটাও শিখেছেন ব্যাংকে লেনদেন করার সময়। ঋণ নেওয়ার সময় ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান যেভাবে ফাঁকা চেক চেয়েছেন, তিনি সেভাবেই দিয়েছেন। এখন ওই ফাঁকা চেক নিয়ে মিজানুর রহমান তাঁকে ফাঁদে ফেলেছেন। টাকা আদায়ের জন্য মিজানুর সন্ত্রাসী বাহিনী ভাড়া করেছেন। বাহিনীর সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে দুই দফা ভাঙচুর করেছে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন তিনি সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না।

মিজানুর দুই মাস আগে ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখা থেকে বদলি হয়েছেন। এখন আছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর শাখায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আলমগীরকে জিম্মি করার অভিযোগ অস্বীকার করেন। উল্টো আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করে মিজানুর রহমান বলেন, জমি কেনার জন্য তিনি ২০২২ সালের ১২ এপ্রিল ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখা থেকেই ঋণ নিয়ে আলমগীরকে ৪০ লাখ ৫৩ হাজার টাকা দিয়েছেন। কাউন্টার থেকে আলমগীর নিজে এই টাকা তুলেছেন। ব্যাংকের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এটি রেকর্ড আছে। টাকা দেওয়ার ব্যাপারে আলমগীরের সঙ্গে তাঁর লিখিত চুক্তিও হয়েছিল। আর টাকার নিশ্চয়তা হিসেবে আলমগীর চেক দিয়েছিলেন। এখন জমিও দিচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না। এ নিয়ে তিনি মামলা করার উদ্যোগ নিয়েছেন। এখন টাকা না দেওয়ার জন্য আলমগীর এখানে-ওখানে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন।