মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জুশুরগাও এলাকায় শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন শ্রীনগর বাজারসংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও বাবুর দিঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে মো. সাইমন (১৮)। শ্রীনগর বাজারে ইয়াসিন মুদিদোকান চালাতেন। সেই দোকানে কর্মচারীর কাজ করতেন সাইমন।

জীবন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি দূর থেকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনাটি দেখেন। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর বাজারে দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলে করে ইয়াসিন ও সায়মন শ্রীনগর ফেরিঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। শ্রীনগর-দোহার বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও সায়মন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে সাইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান। তবে এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীদের কিছু হয়নি। ঘটনার পর মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন তাঁরা।

নিহত ইয়াসিনের চাচাতো ভাই শ্রীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস কে সৌরভ প্রথম আলোকে বলেন, যাঁদের মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তাঁদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি অন্য ঘটনা, সেটাও বোঝা যাচ্ছে না। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার চান তিনি।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার দুই তরুণের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।