
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার দায়ে টিটু রায় (৪৫) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল রংপুরের বিচারক আবদুল মজিদ এই রায় দেন।
টিটু রায় গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। টিটু রায় ২০১৭ সালের ৫ নভেম্বর এমডি টিটু নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেন। ওই পোস্টের জেরে ১০ নভেম্বর কয়েক হাজার মানুষ গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ৬ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের রাজু মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে গঙ্গাচড়া থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে টিটু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার রায়ে টিটু রায়কে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও পুলিশের সাত সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। পরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রংপুরের কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা মনে করি, নিরক্ষর এক ছেলের পক্ষে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেসবুকে এ ধরনের পোস্ট করা সম্ভব নয়। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’