যাত্রীদের ভিড়ে লঞ্চের ডেক ছিল কানায় কানায় পূর্ণ। সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে
যাত্রীদের ভিড়ে লঞ্চের ডেক ছিল কানায় কানায় পূর্ণ। সোমবার সন্ধ্যায় ঢাকার  সদরঘাট লঞ্চ টার্মিনালে

ঘরমুখী মানুষের ভিড়ে মুখর সদরঘাট টার্মিনাল

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলে নদীপথে যাত্রীর সংখ্যা কমেছে। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। আজ সোমবার সকাল থেকে টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোয় চাপ লক্ষ করা গেছে।

আজ দিনভর সদরঘাট টার্মিনাল এলাকায় অবস্থান করে দেখা যায়, সকালের দিকে চাঁদপুর, ভোলার ইলিশা, পিরোজপুরের হুলারহাট, মুন্সিগঞ্জের ইছাপুরাসহ কয়েকটি নৌপথে যাত্রীসংখ্যা ছিল বেশি। ওই সময় যাত্রীদের পদচারণে মুখর ছিল টার্মিনাল এলাকা।

তবে দুপুর গড়ানোর পর যাত্রীসংখ্যা কমতে শুরু করে। এতে টার্মিনাল এলাকা অনেকটা ফাঁকা হয়ে যায়। পরে বিকেল থেকে টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড়। সোমবার বিকেলে

যাত্রী বহনে পর্যাপ্তসংখ্যক লঞ্চ প্রস্তুত রয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাত্রী উপস্থিতির ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। নদীপথের যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করার জন্য আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য লঞ্চের মাস্টার ও কর্মচারীদের নির্দেশনা দেওয়া হচ্ছে।’

সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে এসেছে ৫৭টি লঞ্চ। আর সদরঘাট ছেড়ে গেছে ৪১টি লঞ্চ।

বেলা ১১টার দিকে চাঁদপুরগামী এমভি ঈগল লঞ্চের যাত্রী মুনসুর হোসেনের সঙ্গে কথা হয়। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। মুনসুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদের আর মাত্র দুই দিন বাকি। বাড়িতে গিয়ে কোরবানির জন্য গরু কিনতে হবে। এ জন্য আজই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি।’

গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক হেলাল হোসেন উঠেছেন বেতুয়াগামী এমভি টিপু-১৪ লঞ্চে। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এবার টার্মিনালে আসতে বেগ পেতে হয়নি। আশা করছি, স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারব।’

এমভি পূবালী লঞ্চের মালিক ও অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সদস্য আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি লঞ্চ চরমন্তাজ ও পটুয়াখালীর উদ্দেশে সন্ধ্যার পর ছেড়ে যাবে। টার্মিনালে আজও উপচে পড়া ভিড় শুরু হয়নি।’

এদিকে আজ বেলা তিনটার দিকে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করতে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, ‘ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও নৌ পুলিশ একযোগে কাজ করছে। কয়েক মাস ধরে পুলিশ ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। জনসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যানে যাতায়াত করবেন না। কেউ যদি এসব যানবাহনে চলাচল করেন, তাহলে সড়কে নিয়োজিত পুলিশ সদস্য দেখামাত্র গাড়ি থেকে নামিয়ে দেবেন। সবাই গণপরিবহনে যাতায়াত করুন। এ ছাড়া যাঁরা ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যানে যাত্রী বহন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের এই মহাপরিদর্শক আরও বলেন, কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না। যাত্রীদের নিরাপত্তায় ও হয়রানি প্রতিরোধে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান প্রমুখ।