বগুড়ায় উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। রোববার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
বগুড়ায় উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। রোববার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে

উপনির্বাচনে কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘উপনির্বাচনে কেউ যেন কারচুপি বা দুই নম্বরি ভোটের চিন্তা না করে। এমন কোনো চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উপনির্বাচন বলে ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এই উপনির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। ভোটের দিন কিংবা তার আগে-পরে যেকোনো অনিয়মের অভিযোগ এলে তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে রোববার সকালে বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন। ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আবু ফজল মো. সানাউল্লাহ বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিসাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও সুন্দর নির্বাচন মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে যশোর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকার বাড্ডাসহ বিভিন্ন জায়গায় তাজা বোমা উদ্ধার করা হয়। অপরাধীরা যখন বুঝে গেল, আমরা সঠিক সময়ে খবর পেয়ে এসব অস্ত্র উদ্ধার করছি, তখন নির্বাচনে এসব অস্ত্রের অপব্যবহারের আর দুঃসাহস দেখায়নি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে।’

উপনির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তা বাড়িয়ে ছয়জন করা হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে তিনজন সশস্ত্র আনসার সদস্য ও আরও ১০ জন নিরস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে-পরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সক্রিয় থাকবে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। সভায় রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম (মাসুম), আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।