নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকায় রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাক আটকে যায়। সেকান থেকে প্রায় ৫০০ গজ দূরে জালশুকা স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনও ছেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ওই ঘটনাস্থলে ট্রেন পৌঁছার কথা। ট্রেনটি সেখানে পৌঁছালে ঘটত পারত বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু অল্পের জন্য গেটম্যানের চেষ্টায় সেই দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জালশুকা লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, রেলের গেটম্যান ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা তিনটার দিকে ময়মনসিংহ রেলস্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বিকেল সোয়া পাঁচটার দিকে জালশুকা স্টেশনে পৌঁছায়। এক মিনিট বিরতি দিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে আসে। এ সময় স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দূরে শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়কের জালশুকা লেভেল ক্রসিং এলাকায় দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক অকেজো হয়ে আটকে যায়। তখন দূরে ট্রেন দেখতে পেয়ে উপস্থিত লোকজন হইচই শুরু করেন। সঙ্গে সঙ্গে ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান শামছুল হক স্টেশনমাস্টারকে মুঠোফোনে বিষয়টি জানান ও লাল নিশানা উঁচু করে রেললাইনে দাঁড়িয়ে থাকেন।
পরে স্টেশনমাস্টার চালক ও ট্রেনের পরিচালককে বিষয়টি জানালে ট্রেনটি স্টেশন এলাকাতেই থামানো হয়। পরে বালু নামিয়ে ট্রাকটি লোকজন ঠেলে রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এতে ৫০ মিনিটের মতো ট্রেন অপেক্ষা করে। এ সময় ট্রেন থেকে নেমে কিছু যাত্রী হেঁটে গন্তব্যস্থলে যান।
জালশুকা লেভেল ক্রসিংয়ের গেটম্যান শামছুল হক বলেন, ট্রেনে আসার প্রায় এক মিনিট আগে রেললাইনে উঠতেই একটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে মুঠোফোনে জালশুকা স্টেশনমাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানো হয়।
এ বিষয়ে স্টেশনমাস্টার আবদুল মোমেন বলেন, ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার খবরে জালশুকা স্টেশনে ট্রেনটি প্রায় ৫০ মিনিট থামিয়ে রাখা হয়। পরে ট্রাকটি সরিয়ে আবার লাইন স্বাভাবিক করা হয়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।