দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

আজ সোমবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক খালাসের জন্য পানামা পোর্ট লিংক লিমিটেড চত্বরে রাখা হয়
 ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে কাঁচা মরিচের একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। এরপর বেলা সাড়ে তিনটার মধ্যে তিনটি ট্রাকে করে মোট ২১ মেট্রিক টন ৬২০ কেজি ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সঙ্গনিরোধ রোগতত্ত্ববিদ শামীম আহমেদ সরকার প্রথম আলোকে বলেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির জন্য গতকাল রোববার পর্যন্ত পাঁচজন আমদানিকারককে ২৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আনার অনুমতি দেওয়া হয়। আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত বন্দর দিয়ে দুজন আমদানিকারকের ২১ মেট্রিক টন ৬২০ কেজি কাঁচা মরিচ প্রবেশ করেছে। এর মধ্যে সততা বাণিজ্যালয় ১৬ মেট্রিক টন ১৬৮ কেজি ও বি কে ট্রেডার্স ৫ মেট্রিক টন ৪৫২ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে।

বাবলু হাজী নামের একজন কাঁচা মরিচ আমদানিকারক তাঁর প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয়ের মাধ্যমে ভারত থেকে দুটি ট্রাকে ১৬ মেট্রিক টন ১৬৮ কেজি কাঁচা মরিচ আমদানি করেন। বাবলু হাজী প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে আমদানি করা ভালো মানের (কালো জাত) কাঁচা মরিচ কেজিপ্রতি ২০০ টাকা দরে কেনা পড়েছে। হিলির পাইকারদের কাছে ২১০ টাকা কেজি দরে বিক্রি করব।’