
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশের’ আগে পূর্বঘোষণা ছাড়াই খুলনা-সাতক্ষীরা ও খুলনা-পাইকগাছা রুটের সব ধরনের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে এই দুই রুটে বাস চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কেন ও কী কারণে বাস চলাচল বন্ধ করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি। তবে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আজ দুপুরে খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় তারুণ্যের সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা বাসও চলতে দেওয়া হচ্ছে না। তবে নেতা-কর্মীরা এসব বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে খুলনা শহরে প্রবেশ করছেন।
পাইকগাছায় কথা হয় যাত্রী মো. আবদুল আজিজের সঙ্গে। তিনি বলেন, আজ পাইকগাছা থেকে খুলনার দিকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে হতাশ হচ্ছেন। বেশি ভাড়া দিয়ে, ঝুঁকি নিয়ে বিকল্প পথে গন্তব্যের দিকে ছুটছেন যাত্রীরা।
সকাল সাড়ে নয়টার দিকে ডুমুরিয়ার চুকনগর থেকে খুলনায় সমাবেশে যোগ দিতে বাসে উঠেছিলেন যুবদল নেতা কাউসার আহমেদ। খুলনায় ডুমুরিয়ায় এসে দেখেন পুলিশ বাস আটকে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। ডুমুরিয়ার পর থেকে খুলনার দিকে কোনো বাসই যেতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বাস না পেয়ে কিছু দূর হেঁটে এসে একটা ভ্যানে করে খুলনার দিকে আসছেন।
তবে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া প্রথম আলোকে বলেন, বাস চলাচল বন্ধ করা হয়নি, কোনো বাধাও দেওয়া হচ্ছে না। সকালের দিকে একবারে শতাধিক বাস বিভিন্ন এলাকা থেকে এসে ডুমুরিয়া বাজার দিয়ে যাচ্ছিল। তখন যানজটের সৃষ্টি হলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে।
জানতে চাইলে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কোথাও কোনো বাস বন্ধ করা হয়নি। শ্রমিকেরা যদি বাস না চালান, তাহলে সে দায়িত্ব মালিক সমিতির নয়।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করেননি। সাধারণত কোথাও কোনো ঝামেলা মনে করলে মালিকেরা শ্রমিকদের বাস চালাতে নিষেধ করেন। এখানেও সেটিই হয়েছে।
আজ দুপুরে খুলনা বিভাগীয় শহরের ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ওই সমাবেশের আয়োজন করেছে।