চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৪টি ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শাহ আলম (৩৫)। তিনি একই ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। তাঁর স্ত্রীর দেওয়া তথ্যর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও জাল টাকাসংক্রান্ত দুটি মামলা হয়েছিল। এ দুই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে শাহ আলমকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট পাওয়া যায়। তাঁর স্ত্রীই ফোন করে পুলিশকে ডেকেছিলেন।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনায় ৯৯৯ নম্বরে কল করেন শাহ আলমের স্ত্রী জান্নাত আরা বেগম। পরে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোটসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীর অভিযোগ, শাহ আলম তাঁকে জাল ব্যবসার কাজে যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, জাল নোটসংক্রান্ত দুটি মামলায় শাহ আলম বর্তমানে জামিনে রয়েছেন। জাল নোট সরবরাহ ও লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।