
গাইবান্ধায় পাঁচ দিনব্যাপী ভারত-বাংলা চিত্রকর্ম অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার সকালে শহরের ফ্রেন্ডশিপ সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ঢাকার প্রিমা আর্ট ফাউন্ডেশন।
কর্মশালায় সহযোগিতা করছে ভারতের কেরালা প্রদেশের ‘কেরালা ললিতকলা একাডেমি’ ও ‘কে কে ইয়াল্লাম ফাউন্ডেশন’ এবং বাংলাদেশের ‘ফ্রেন্ডশিপ কালচারাল প্রিজারভেশন’ ও ‘ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চরস’। এতে বাংলাদেশের ১০ ও ভারতের ১০ দৃশ্যশিল্পী অংশ নেন।
কর্মশালার আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রিমা প্রথম আলোকে বলেন, কর্মসূচির উদ্দেশ্য শিল্প ও শিল্পীদের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান এবং শৈল্পিক চর্চার সেতুবন্ধন রচনা করা। বাংলাদেশের শিল্পকলার জোরালো প্রসঙ্গ ও শিল্পীদের একত্রীকরণের মাধ্যমে দেশের সংস্কৃতি, কৃষ্টিকে ছড়িয়ে দিতে এ আয়োজন। সৃজনশীল প্রক্রিয়ায় বলিষ্ঠ গাঁথুনিতে হৃদয়ের সঙ্গে মননের যোগসূত্র রচনাই এ কর্মসূচির প্রয়াস।
ফ্রেন্ডশিপের পরিচালক নাজরা মাহজাবীন সাবেত বলেন, ফ্রেন্ডশিপ জন্মলগ্ন থেকে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কাঠের তৈরি নৌকার প্রতিরূপ তৈরি করছে। এ কাজে জড়িত শিল্পীরা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছেন। তাঁদের বাঁচিয়ে রাখতে কাঠের নৌকা বানানোর কৌশল নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে ফ্রেন্ডশিপ।
নাজরা মাহজাবীন আরও বলেন, ফ্রেন্ডশিপ শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ করে। তাই শিল্পের মাধ্যমে চরের মানুষের জীবনযাত্রা ছড়িয়ে দেওয়া ও প্রাকৃতিক রং ব্যবহার করে শিল্পকে আরও সমৃদ্ধ করার সূত্রপাত করতে তাঁরা ‘ক্রান্তি’র সহযোগী।
ভারতের কেরালা ললিতকলা একাডেমির সভাপতি ই বি এন জোসেফ বলেন, কর্মশালায় অভিজ্ঞতা ও অনুপ্রেরণা বিনিময়ে শিল্পের যে নতুন ধারা তৈরি হলো, তা দুই দেশের শিল্পকে আরও সুদৃঢ় করবে। ‘ক্রান্তি’র এ শৈল্পিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। স্বপ্ন এ আয়োজনের পৃষ্ঠপোষক।
গাইবান্ধায় কর্মশালায় যোগ দেওয়ার আগে শিল্পীরা ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর, চারুকলা ইনস্টিটিউট ও ঢাকার বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। এ ছাড়া শিল্পীরা ব্রহ্মপুত্র নদবেষ্টিত গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন চরের মানুষের জীবনযাত্রা ঘুরে ঘুরে দেখেন।