শুধু সিলেট সিটিতে নয়, জাতীয় নির্বাচনে বিএনপি এলে স্বাগত জানানো হবে: জাহাঙ্গীর ক‌বির নানক

সাংবা‌দিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরের এক‌টি আবা‌সিক হোটেলের সম্মেলনকক্ষে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নির্বাচন আরও বেশি প্রতিযো‌গিতামূলক হোক, এটা আমরা প্রত্যাশা ক‌রি। শুধু সিলেট‌ সিটি করপোরেশন নির্বাচন নয়, জাতীয় নির্বাচনেও আমাদের দৃ‌ষ্টিভ‌ঙ্গি এক‌ই থাকবে। বিএনপি অগণতা‌ন্ত্রিক পথ ছেড়ে দিয়ে য‌দি গণতা‌ন্ত্রিক পথে ভোটে আসে, তাহলে আমরা তাদের স্বাগত জানাব। সকল রাজনৈ‌তিক দলের নিজস্ব স্বকীয়তা রয়েছে। কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কেউ আবার নির্বাচনে ভয় পেয়ে বর্জনও করতে পারে আত্মসম্মান রক্ষার জন্য। কাজেই এই ভয়ের ক্ষেত্রে কোনো ভূ‌মিকা রাখতে পারব না বলে আমরা দুঃখিত।’

আজ শুক্রবার বিকেলে সিলেট নগরের এক‌টি আবা‌সিক হোটেলের সম্মেলনকক্ষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক এ মন্তব্য করেন। এর আগে জাহাঙ্গীর কবির নানক সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ অন্য দায়িত্বশীল নেতাদের সঙ্গে ওই হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেন।

২০১৮ সালের সি‌লেট সি‌টি করপোরেশন নির্বাচনে বদরউদ্দিন কামরানের নির্বাচনে পরা‌জিত হওয়ার বিষয়ে জাহাঙ্গীর কবির বলেন, ‘সে নির্বাচনে জয়লাভ নি‌শ্চিত ছিল। কিন্তু কোনো না কোনো ছিদ্র ছিল বলেই নির্বাচনে কামরান পরা‌জিত হয়ে‌ছিল। সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনকে নিয়ে শেখ হা‌সিনার নেতৃত্বে ঐক‌্যবদ্ধভাবে আওয়ামী লীগের মনো‌নীত আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচ‌নী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে‌ছি। আগের নির্বাচনের দিকে না তা‌কিয়ে সিলেট-৩ সংসদীয় আসনের নির্বাচনে বিপুল ভোটে যেমন নির্বা‌চিত হয়ে‌ছিলাম, তেম‌নি আমাদের জয়লাভের যাত্রা অক্ষুণ্ন থাকবে।’

বিগত সময়ে সিলেটে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়‌নি দাবি করে জাহাঙ্গীর কবির বলেন, দেশব‌্যাপী শেখ হা‌সিনার উন্নয়নের সঙ্গে তাল মি‌লিয়ে সিলেটে বহু অর্থ জোগান দেওয়ার পরও কাঙ্ক্ষিত কিংবা দৃশ্যমান কোনো উন্নয়ন হয়‌নি। এটা সিলেটবাসীর জন্য খুবই কষ্টদায়ক বিষয়‌। ‌এ কারণে দলের সভাপতি শেখ হাসিনা এমন একজনকে মনোনয়ন দিয়েছেন; যি‌নি সৎ, নির্লোভ ও সজ্জন। কর্মঠ একজন মানুষকে মনোনয়ন দিয়েছেন, যেন তি‌নি শেখ হা‌সিনার উন্নয়নের সঙ্গে তাল মি‌লিয়ে সিলেটকে এক‌টি তিলোত্তমা নগরীতে রূপান্তর করতে পারেন।

এর আগে গতকাল মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামন চৌধুরীর সমর্থনে আয়োজিত কর্মী সভা সম্পর্কে তি‌নি বলেন, সমসাম‌য়িক রাজনৈ‌তিক দলের তুলনায় বড় সভা হয়েছে। বৃহস্পতিবারের কর্মী সভায় জানান দিয়েছে, আওয়ামী লীগ এক ও অভিন্ন। আগামী ২১ জুনের নির্বাচনে জয়লাভ নি‌শ্চিত, সে‌টি জানান দিয়েছে।

এর আগে বৃহস্প‌তিবার আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে কর্মী সভায় যোগ দিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হোসেনসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেটে আসেন।