পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

কালুখালীতে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে অঞ্জনা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী। আজ বুধবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

অঞ্জনা কালুখালী উপজেলার রতন দিয়া ইউনিয়নের পশ্চিম হারোয়া গ্রামের উজ্জ্বল শেখের মেয়ে। সে নানা বাড়িতে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবদুল মালেক ও সোহেল মিয়া বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে দুই বান্ধবীর সঙ্গে অঞ্জনা পদ্মা নদীর ওই শাখায় হিরু মোল্লার ঘাটে গোসল করতে নামে। এ সময় তাঁরাও গোসল করছিলেন। কিছুক্ষণ পর দুই বান্ধবী গোসল সেরে ওপরে ওঠে, কিন্তু অঞ্জনা ওঠেনি। এ সময় ওই দুই মেয়ের সঙ্গে তাঁরাও নদীতে ওই দুজনকে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে তাঁরা দ্রুত পরিবারকে ও কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. বাকি বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে দ্রুত পদ্মা নদীর শাখা কোলের হিরু মোল্লার ঘাটে আমরা অভিযান শুরু করি। ১০ মিনিটের মধ্যে অঞ্জনাকে উদ্ধার করতে সক্ষম হই। দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দিয়েছি।’

অঞ্জনার মামা কোরবান কাজী বলেন, অঞ্জনার বাবা উজ্জ্বল শেখ ঢাকার সাভারের রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সেখানে অঞ্জনার মা ও বাবা ভাড়া বাসায় থাকেন। অভাবের কারণে ছোটবেলা থেকে অঞ্জনা তাঁর মায়ের (অঞ্জনার নানি) কাছে থাকে। এখানেই সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। বিকেলে একই এলাকার দুই বান্ধবীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তাঁর ভাগ্নি। এখন তাঁরা লাশ বুঝে নিতে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপেক্ষা করছেন। অঞ্জনার মা ও বাবা এখনো কালুখালী এসে পৌঁছাননি। তাঁরা এলাকায় আসার পর লাশ দাফনের ব্যবস্থা করা হবে।