
স্বামী ইসাহাক মৃধা আর কোনো দিন ফিরবেন না, এ কথা মনে করে একটু পরপর ডুকরে কেঁদে উঠছেন স্ত্রী ফাতেমা আক্তার। স্বজনদের শান্ত্বনাও তাঁকে শান্ত করতে পারছে না।
কেবলই বিলাপ করতে করতে ফাতেমা আক্তার বলছিলেন, ‘বিকেলে বাসায় ফেরার কথা কইল লোকটা। আর ফিরল লাশ হয়ে। আর কোনো দিন সে ফিরবে না। দুই ছেলে নিয়ে কীভাবে বাঁচব জানি না।’
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তান থেকে বাসে নারায়ণগঞ্জের বাসায় ফেরার কথা ছিল ইসাহাক মৃধার। কিন্তু বাসায় আর ফেরা হয়নি এই ব্যবসায়ীর। গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান তিনি।
ইসাহাক মৃধা (৩৫) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে। আজ বুধবার বিকেলে স্থানীয় একতা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হাওলাদার প্রথম আলোকে বলেন, ইসাহাক মৃধার রাজধানীর ইসলামপুরে থানকাপড়ের দোকান রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরের ঢাকেশ্বরী ২ নম্বর সড়কে। গতকাল দোকান থেকে নারায়ণগঞ্জের বাসায় ফেরার জন্য গুলিস্তানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গতকালই ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়। আজ সকাল থেকে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। সেই উদ্ধার অভিযানের সময় বিকেল পৌনে পাঁচটার দিকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।
ইসাহাক মৃধার ফুপাতো ভাই হুমায়ুন কবির খান প্রথম আলোকে বলেন, আজ সকালে ঢাকা থেকে ইসাহাক মৃধার লাশ অ্যাম্বুলেন্সে চরসন্তোষপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তাঁর বৃদ্ধা মা হালিমা বেগম, স্ত্রী ফাতেমা আক্তারসহ স্বজনদের কান্নাকাটি দেখে উপস্থিত অনেকের চোখই আর্দ্র হয়ে ওঠে।
ইসাহাক মৃধার বড় ভাই জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী ও ছোট দুটি ছেলে আছে। ঢাকায় ব্যবসা করে ভালোই সংসার চলছিল। মায়ের জন্য প্রতি মাসে টাকা পাঠাইতো। এখন ভাইয়ের বউ ও সন্তানদের কে দেখবে?’