৩০টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১১৭ জন প্রার্থী হয়েছেন। একজন প্রার্থীর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে ৩০টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১১৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৩৮ জনের নামে এক বা একাধিক মামলা রয়েছে। একজন প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ ২০টি মামলা রয়েছে। এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১ জুন। আর ভোট গ্রহণ ২১ জুন।
প্রার্থীদের হলফনামার তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ২০টি মামলা রয়েছে কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামানের নামে। তাঁর বাড়ি নগরের মহিষবাথান এলাকায়। তিনি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মামলাগুলোর মধ্যে বিচারাধীন রয়েছে ১২টি, তদন্তাধীন রয়েছে ৬টি।
আপিল শুনানি পর্যায়ে রয়েছে একটি ও অভিযোগপত্র দেওয়া হয়েছে একটি মামলায়। এ ছাড়া দুটি মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। একটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর মামলাগুলোর বেশির ভাগই বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের। কামরুজ্জামান বর্তমানে কারাগারে রয়েছেন।
নগরের ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আফজাল হোসেনের বাড়ি নগরের ধরমপুর এলাকায়। তাঁর নামে মামলা আছে ১৪টি। এ ছাড়া আগের তিনটি মামলায় তিনি খালাস পেয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাগুলোও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের। তবে আফজাল হোসেনের দাবি, সব মামলাই রাজনৈতিক। মনোনয়নপত্র তোলার পরও দুটি মামলা হয়েছে।
নগরের ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি আবদুস সামাদের নামে রয়েছে ছয়টি মামলা। এর মধ্যে দুটি বিচারাধীন, চারটির তদন্ত চলছে। এ ছাড়া তিনি চারটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ২৫ মে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। মামলার ব্যাপারে তাঁর ভাষ্য হচ্ছে, এগুলো সবই রাজনৈতিক মামলা। তাঁকে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গোপন বৈঠক করার অভিযোগে মামলা দেওয়া হয়েছে।
২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুখলেসুর রহমানের নামে রয়েছে সাতটি মামলা। ২৬ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলামের নামে রয়েছে চারটি বিচারাধীন মামলা। হত্যা মামলা রয়েছে দুজন প্রার্থীর নামে। অপর একজন প্রার্থী হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁদের মধ্যে নগরের ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কামাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা চলমান। মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে কামাল হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। শত্রুতা করে তাঁকে আসামি করা হয়েছে।
১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী নুরুজ্জামানের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। মামলা দুটি বিচারাধীন রয়েছে। তবে হত্যা মামলার ব্যাপারে নুরুজ্জামান দাবি করেছেন, এই মামলায় তাঁকে প্রতিহিংসামূলকভাবে আসামি করা হয়েছে। তিনি ঘটনার সময় অন্য একটি অনুষ্ঠানে ছিলেন। এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তিনি আদালতে দাখিল করেছেন।
নগরের ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলামের নামে একটি হত্যা মামলা ছিল তিনি ওই মামলা খালাস পেয়েছেন। এখনো তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও আছে।
পাঁচজন প্রার্থীর নামে তিনটি করে মামলা রয়েছে। এদের মধ্যে ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলিফ আল মাহামুদের নামে তিনটি বিচারাধীন মামলা রয়েছে। আগে তিনি ছয়টি মামলা থেকে খালাস পেয়েছেন। ২৭ নম্বরের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ারুল আমিনের নামে তিনটি বিচারাধীন মামলা রয়েছে।
১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুলের মামলার সংখ্যা তিন। ২৫ নম্বরের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর তরিকুল আলমের বিচারাধীন মামলা তিনটি। নগরের ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফ হোসেনও তিনটি মামলার আসামি। এর মধ্যে দুটি বিচারাধীন। একটি মামলার কার্যক্রম স্থগিত। এ ছাড়া ৩৮ জন কাউন্সিলর প্রার্থীর নামে একটি বা দুটি করে মামলা রয়েছে।
তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আরও ১৮ জন আগে মামলার আসামি ছিলেন। তাঁরা মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন।
সিটি করপোরেশনের ১০টি সংরক্ষিত মহিলা আসনের জন্য বৈধ প্রার্থী রয়েছেন ৪৬ জন। তাঁদের নামে অবশ্য কোন মামলা নেই। দুজনের নামে মামলা থাকলেও তাঁরা খালাস পেয়েছেন।
সমাজবিশ্লেষক আহমদ সফিউদ্দিন বলেন, আগের মতো গ্রহণযোগ্য মানুষ এই নির্বাচনগুলোতে আর আসছে না। সন্ত্রাস, কালোটাকা ও পেশিশক্তির কাছে তাঁরা হেরে যাচ্ছেন। তবে তিনি আশা করেন, সুষ্ঠু নির্বাচন হলে অধিকতর গ্রহণযোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবেন। মানুষ এখন অনেক সচেতন।