
কক্সবাজারের পেকুয়ার ভোলা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে কাটাফাঁড়ি ব্রিজ–সংলগ্ন রাবারড্যাম পয়েন্ট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে ওই শিশুর লাশ ভোলা খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত শিশুর আনুমানিক বয়স সাত থেকে আট বছর। তাঁর পরিচয় জানা যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার প্রথম আলোকে বলেন, ওই শিশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরে লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।
নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি মো. ওমর হায়দার।