মাগুরা জেলা আওয়ামী লীগ

পূর্ণাঙ্গ কমিটিতে বড় পরিবর্তন

প্রস্তাবিত কমিটি নিয়ে বিতর্ক ওঠায় দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে অনুমোদিত কমিটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ১০ মাস পেরিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি থেকে অনুমোদিত কমিটিতে বড় ধরনের রদবদল লক্ষ করা গেছে। দীর্ঘদিন কোণঠাসা অনেকে জায়গা পাওয়ায় অনুমোদিত এই কমিটিকে ভারসাম্যপূর্ণ বলে মনে করছে আওয়ামী লীগের একটি অংশ। অন্য একটি পক্ষ অবশ্য দাবি করছে, তৃণমূলের সক্রিয় অনেক নেতাকে বাদ দিয়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও মাগুরার বাইরে অবস্থান করা নেতাদের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যেটা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই ঢাকায় থাকেন। অনেক সময় জরুরি ভিত্তিতে নানা রকম কর্মসূচির আয়োজন করতে হয়। সে ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি হয়।
পঙ্কজ কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক, মাগুরা জেলা আওয়ামী লীগ

গত বছরের ১৪ মে মাগুরা শহরের নোমানী ময়দানে ত্রিবার্ষিক সম্মেলনে আ ফ ম আবদুল ফাত্তাহকে সভাপতি ও পঙ্কজ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গত সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। যদিও কমিটিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরের তারিখ রয়েছে ২৩ মার্চ। ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ২৩ জন।

এর আগে গত ১০ মার্চ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত একটি কমিটির খসড়া ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন ওই কমিটি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নানা রকম বিতর্ক শুরু হয়। ‘মাগুরা জেলা আ.লীগের “প্রস্তাবিত” কমিটি নিয়ে বিতর্ক’ শিরোনামে গত ১১ মার্চ প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিতর্ক ওঠায় দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কমিটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

কেন্দ্র যাচাই–বাছাই করে যে কমিটি দিয়েছে, সেটা ঠিক বলেই মনে করি। ঢাকা-মাগুরা দূরত্ব এখন বড় কোনো বাধা নয়।
শ্রী বীরেন শিকদার, সংসদ সদস্য, মাগুরা-২ আসন

অনুমোদিত কমিটিতে সহসভাপতির পদ রয়েছে ১১টি। যেখানে সবশেষ কমিটির মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম ও বাসুদেব কুণ্ডুর সঙ্গে নতুন করে সাতজন সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। নতুন সাত সহসভাপতি হচ্ছেন শফিকুল ইসলাম মোহন, শফিকুজ্জামান, কামরুন নাহার, সূর্যকান্ত বিশ্বাস, মীর আবদুর রাজ্জাক, সোহেল পারভেজ ও এনামুল হক। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তানজেল হোসেন খানের স্ত্রী কামরুন নাহার, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা সোহেল পারভেজ এবং এনামুল হক প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগে জায়গা পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন খুরশীদ হায়দার, শাখারুল ইসলাম ও ওহিদুর রহমান। আর তিন সাংগঠনিক সম্পাদক হচ্ছেন রাশেদ মাহমুদ, রানা আমীর ওসমান ও পঙ্কজ সাহা। এ ছাড়া প্রচার সম্পাদক পদে মো. কবিরুজ্জামান ও দপ্তর সম্পাদক পদে তারিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

গুরুত্বপূর্ণ পদে রদবদল

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ থেকে প্রস্তাবিত একটি কমিটির খসড়া পাঠানো হয় কেন্দ্রে। সেখানে নাম ছিল না, এমন বেশ কয়েকজন নেতা অনুমোদিত কমিটিতে জায়গা পেয়েছেন। কয়েকজন বাদও পড়েছেন। আবার কয়েকজন নেতাকে সাধারণ সদস্য থেকে তুলে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কমিটিতে নাম ছিল না, কিন্তু অনুমোদিত কমিটিতে জায়গা পেয়েছেন, এমন যে নেতাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন সহসভাপতি এনামুল হক এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মীর শহিদুল ইসলাম।

প্রস্তাবিত কমিটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে অনুমোদিত কমিটিতে। সেগুলো হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সহসভাপতি শফিকুজ্জামান, দুই থেকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পৌর মেয়র খুরশীদ হায়দার। এ ছাড়া সদস্য থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা পঙ্কজ সাহা, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কবিরুজ্জামান।

বাদ পড়া নিয়ে আলোচনা

অন্যদিকে প্রস্তাবিত কমিটি থেকে যাঁদের বাদ পড়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য বেনজির আহম্মেদ, শালিখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিমলেন্দু শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন। এর মধ্যে প্রস্তাবিত কমিটিতে সহসভাপতি হিসেবে নাম ছিল কামাল হোসেন ও বেনজির আহম্মেদের। আর রেজাউল ইসলাম প্রচার সম্পাদক, আলী হোসেন উপদপ্তর সম্পাদক এবং বিমলেন্দু শিকদারের সদস্য হিসেবে নাম ছিল।

এই নেতাদের একজন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করায় আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি দীর্ঘ ৪০ বছর ধরে জেলা আওয়ামী লীগের কমিটিতে ছিলাম।’

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, নতুন কমিটি এখনো তিনি দেখেননি। এ ব্যাপারে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই ঢাকায় থাকেন। অনেক সময় জরুরি কর্মসূচির আয়োজন করতে হয়। সে ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে যাঁরা পদ পেয়েছেন তাঁরা সবাই আওয়ামী লীগ করেন। তবে ঢাকায় বসবাসকারী মানুষ বেশি হয়ে গেছেন। তবে নেত্রী যেহেতু তাঁদের দায়িত্ব দিয়েছেন, আমি আশা করব তাঁরা মাগুরায় বেশি শ্রম দেবেন।’

মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার মুঠোফোনে বলেন, ‘ঢাকা-মাগুরা দূরত্ব এখন বড় কোনো বাধা নয়। এবার যাঁরা জায়গা পাননি, আগামী দিনে হয়তো তাঁরা মূল্যায়িত হবেন।’