
জুয়া খেলে প্রায় দুই লাখ টাকা ঋণের দায়ে পড়েছেন নেশাগ্রস্ত যুবক মো. কামরুজ্জামান (২৮)। প্রবাসী বাবার কাছ থেকে টাকা খসাতে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে কামরুজ্জামান ও তাঁর সহযোগী মো. আনোয়ার হোসেন ওরফে সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় শ্রীপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার মো. কামরুজ্জামান উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের প্রবাসী আবদুর রাজ্জাকের ছেলে। আর গ্রেপ্তার মো. আনোয়ার হোসেনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
শিশুটি অপহরণ, উদ্ধার অভিযান ও গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তি বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করে শ্রীপুর থানা-পুলিশ। থানা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) মো. আনিসুর আশেকিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মো. কামরুজ্জামান নেশায় আসক্ত। তিনি প্রায়ই জুয়া খেলেন। জুয়া খেলতে গিয়ে সম্প্রতি তিনি ১ লাখ ৯৬ হাজার টাকা ঋণের দায়ে পড়েন। টাকার দরকার হওয়ায় তিনি নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। তাঁর ধারণা ছিল, নাতি অপহরণের শিকার হয়েছে জেনে তাঁর প্রবাসী বাবা আবদুর রাজ্জাক টাকা পাঠাবেন।
পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকার মাওনা সিএনজি ফিলিং স্টেশনের পাশ থেকে ৬ মার্চ বেলা ২টার দিকে ৭ বছরের শিশু আফনান আল জামানকে অপহরণ করেন কামরুজ্জামান ও সহযোগী আনোয়ার হোসেন।আফনানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার মুহুরিপাড়া গ্রামে নেওয়া হয়। সেখানে কামরুজ্জামান তাঁর বন্ধু রিপনের বাড়িতে আফনানকে রাখেন। এরপর পরিচয় লুকিয়ে বিভিন্ন নম্বর থেকে মুঠোফোনে কল করে শিশুটির মা সামিরা জাহানের কাছ মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সামিরা জাহান গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. সাদিকুর রহমান মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। পরে পুলিশ উদ্ধার অভিযানে নামে। তদন্তকাজে সন্দেহভাজন হিসেবে কামরুজ্জামান ও আনোয়ার হোসেনকে শ্রীপুরের এমসি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শিশুটিকে ত্রিশাল উপজেলার কালিরবাজার মুহুরিপাড়া গ্রামে রিপনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। আজ দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রাখা হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আনিসুর আশেকিন প্রথম আলোকে বলেন, টাকার জন্য নেশাগ্রস্ত বাবা তাঁর সন্তানকে অপহরণ করেছিলেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। শেষ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকে। এ ঘটনায় জড়িত রিপনকেও আইনের আওতায় আনা হবে।