ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে শিশুরা। সম্প্রতি তোলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে শিশুরা। সম্প্রতি তোলা

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৬৩ জন শিশু।

মারা যাওয়া ৫ মাস বয়সী শিশু জিসান জামালপুরের ইসলামপুর উপজেলার জীবন মিয়ার ছেলে। গতকাল ভোর ৫টা ৫০ মিনিটে শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চার ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে সে মারা যায়। হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্র কাজ না করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে।

মৃত অপর শিশুটির নাম মারুফ। ১০ মাস বয়সী এই শিশু নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লাল চানের ছেলে। গত ২৫ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হামের লক্ষণের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৯৯৬টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯১১টি শিশু। মৃত্যু হয়েছে ২২ জনের। বর্তমানে চিকিৎসাধীন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আরও ২৮টি শিশু। এ সময়ে এক শিশুকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ২৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।